হিলি প্রতিনিধি : হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচের আমদানি বেড়েছে। বাজারে দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় ভারতীয় কাঁচা মরিচের চাহিদা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান। ব্যবসায়ীরা মতে, আমদানি শুল্ক কমানো হলে পণ্যটির দাম অনেক কম হতো।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে এক থেকে দুই গাড়ি কাঁচা মরিচ ভারত থেকে আমদানি হতো। কিন্তু চলতি মাসের শুরু থেকেই বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ছয় থেকে সাত গাড়ি কাঁচা মরিচ আমদানি হচ্ছে।
গত ১ আগস্ট শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে সর্বমোট ৩০টি ট্রাকে ২০৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। অথচ গত জুলাইয়ে ২৯টি ট্রাকে ১২৩.২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছিল।
বুধবার বাংলা হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ প্রকারভেদে ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে দেশীয় কাঁচা মরিচ ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে ঢাকার পাইকার মো. মোস্তফা রাইজিংবিডিকে জানান, বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ নেই বললেই চলে। তাই আমদানি করা কাঁচা মরিচ কিনতে হিলি স্থলবন্দরে এসেছি।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ রাইজিংবিডিকে জানান, সম্প্রতি কয়েক দফা অতিবৃষ্টিতে পাবনাসহ দেশের যেসব এলাকায় সর্বাধিক কাঁচা মরিচ আবাদ হয় সেসব এলাকার ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে দেশি কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় আমদানিকারকরাও আমদানি বাড়িয়ে দিয়েছেন।

