স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে যেন রিয়াল রাতেরই খোঁজ পেলেন গ্যারেথ বেল। সাবেন ক্লাব টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়ে গোল করলেন তিনি। তার গোলেই মূলতঃ অডি কাপে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেলো রিয়াল মাদ্রিদ। লজ ব্লাঙ্কোজদের হয়ে বাকি গোলটি করেছেন হামেশ রদ্রিগেজ।
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ এরিনায় প্রিমিয়ার লিগ ক্লাবটির বিপক্ষে সেমিতে মুখোমুখি হয়েছিল রিয়াল। ইনজুরির কারণে অডি কাপে খেলতে যেতে পারেননি রিয়ালেল দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেঞ্জেমা। এই দু’জনের অনুপস্থিতিতে দায়িত্ব চাপে গ্যারেথ বেল এবং হামেস রদ্রিহেজের ওপর। দায়িত্বটা ভালোভাবেই সামাল দিলেন তারা দু’জন। দলকে জয় উপহার দেয়া দুটি গোলও এসেছে তাদের পা থেকে।
এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বেল। টটেনহ্যাম থেকেই দু’বছর আগে রেকর্ড ৮৫.৩ মিলিয়ন পাউন্ডের (১০০ মিলিয়ন ইউরো) রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি।
মওরিসিও পচেট্টিনোর শিষ্যরা অডি কাপে এসেছে মূলত প্রস্তুতির লক্ষ্যেই। কারণ, আগামী শনিবারই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ দিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে টটেনহ্যাম। জার্সি পরিবর্তন করে খেলতে নামা স্পারই সর্বপ্রথম সুযোগ পেয়েছিল গোল করার। কিন্তু এরিক লামেলার পাস কাজে লাগাতে পারেননি কাইল ওয়াকার। এরপর রিয়ালের স্ট্রাইকার হেসের একটি ভলি অসাধারণ ভঙ্গিতে ফিরিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক মাইকেল ভর্ম।
৩৫ মিনিটে মাঝ মাঠে টটেনহ্যামের ডেলে আলিকে নাটম্যাগের মাধ্যমে বোকা বানান লুক মডরিচ। এরপর তিনি পাস দেন ইসকোকে। এ সময় ড্যানি রোজ এবং এরিক ডিয়ার ঘিরেন ছিলেন হামেস রদ্রিগেজকে। তবুও ইসকো থেকে বল পেয়ে অসাধারণ এক হেডে গোল করেন রদ্রিগেজ।
পুরো ম্যাচে একটিমাত্র হলুদ কার্ড। তাও রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসকে। ক্রিশ্চিয়ান এরিকসনকে গুঁতো দেওয়ার অপরাধে একবরাই কার্ড বের করেছেন রেফারি। খেলার শেষ দিকে (৭৮ মিনিটে) দলের হয়ে দ্বিতীয় গোল করেন গ্যারেথ বেল। প্রায় ২৫ গজ দুর থেকে অসাধারণ এক শটে গোলটি করেন তিনি।
অডি কাপের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছে এসি মিলান। বায়ার্নের হয়ে গোল করেন হুয়ান বার্নেট, মারিও গোৎসে এবং রবার্ট লেওয়ানডস্কি। আজ রাতেই আবার এসি মিলানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টটেনহ্যামের। অপর ম্যাচে বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল।

