বিনোদন ডেস্ক : ‘ভয়ংকর সুন্দর’ ছবির নায়িকা আশনা হাবিব ভাবনার জন্মদিন আজ। ছবির পরিচালক অনিমেষ আইচের চোখে ভাবনা কেমন? তিনি জানিয়েছেন ক্যামেরার সামনের ভাবনা, বাইরের ভাবনা, ব্যক্তি ভাবনার কথকতা।
বছর পাঁচেক আগের ঘটনা। অনিমেষ আইচ একটি টেলিফিল্ম বানাবেন। নাম ‘নয়টার সংবাদ’। চরিত্রের সঙ্গে জুতসই অভিনয়শিল্পী খুঁজছেন। অনেক খোঁজাখুজির পর পাওয়া গেল ভাবনাকে। ভাবনা তখন উঠতি মডেল। টুকটাক কাজ করছেন। ‘নয়টার সংবাদে’ নিজের প্রতিভার প্রমান দিলেন। পরিচালকের আস্থাভাজন হয়ে উঠলেন অল্পদিনেই। নাটকটা প্রচারও হলো চ্যানেল নাইনে। আর দু’জনের সখ্যতাটা রয়েই গেল।
এরপর অনিমেষের আরো সাত থেকে আটটির মত নাটকে দেখা গেছে ভাবনাকে। দিনে দিনে অনিমেষের পছন্দের অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন ভাবনা। কারণ? একটু ভেবে বললেন, ‘ও অভিনয়টা ঠিকঠাক মতো করে। ডিরেক্টরকে মানে। বয়স কম হলেও যথেষ্ট ম্যাচিউর। নিজের চরিত্র নিয়ে প্রচুর স্টাডি করে।’
এতো গেল ক্যামেরার সামনের ভাবনা। ক্যামেরার বাইরের ‘ব্যক্তি’ ভাবনা কেমন? ‘উন্নত চরিত্রের অধিকারিনী। মনমানসিকতা যথেষ্ট ভালো। আমি বলবো সর্বোপরি সে একজন ভালো মনের মানুষ।’ বললেন অনিমেষ।
এখনকার অনেক অভিনেত্রীদের মধ্যেই সিরিয়াসনেসের ঘাটতির অভিযোগ করেন পরিচালকরা। এমনকি সিডিউল ফাঁসানোর অভিযোগে মামলার ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে ভাবনা কতটা সিরিয়াস? ‘যে কাজটা যখন করে সেখানেই ডুবে থাকে। কখনোই সিডিউল ফাঁসায়নি। বরং অনেক ক্ষেত্রেই তাকে সেটে আগেই হাজির হতে দেখা গেছে। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় অভিনয় শুরু করার পর একবছর ধরে কোন নাটকেও অভিনয় করছেন না’।-এক দমে বলে গেলেন অনিমেষ।
অনিমেষের চোখে ভাবনার ভালো গুণ? ‘মেয়েটা সত্যবাদি। মিথ্যা কথা খুব কম বলে।’ আর খারাপ গুণ? ‘মাঝে মাঝেই মাথা গরম করে। সেটে কোন কিছু ভালো না লাগলে রাগ করে। আমার মনে হয় ওর বয়স কম বলেই এমনটা হয়। বয়স বাড়লে ঠিক হয়ে যাবে।’
দোষ গুণ পেছনে ফেলে এবার যাওয়া যাক জন্মদিন প্রসঙ্গে। গত বছর জন্মদিনটা বেশ ঘটা করে উদযাপন করা হয়েছিল। অনিমেষসহ কাছের বন্ধুদের আমন্ত্রন জানিয়েছিলেন ভাবনা। তবে এবারে জন্মদিন গতবারের মত জমছে না। কারণ ভাবনা এখন সিঙ্গাপুর। কয়েকদিন ধরেই ব্যক্তিগত কাজে সেখানে অবস্থান করছেন।
তবে আজই ভাবনা দেশে ফিরবেন বলে জানা গেছে। সপ্তাহ খানেক পরই আবার কাজে নামবেন ভাবনা-অনিমেষ। পরমব্রতও বাংলাদেশে আসছেন। চলতি মাসের দশ তারিখের পর ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

