অর্থনৈতিক প্রতিবেদক : আগামী বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী ভারতীয় পণ্য নিয়ে মেলা ‘ ইন্ডিয়া ইনভেস্ট্রেড-২০১৫’ শুরু হচ্ছে।
রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১ টায় শিল্পমন্ত্রী আমিন হোসেন আমু মেলার উদ্বোধন করবেন ।
মঙ্গলবার দুপুরে মতিঝিল ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স ( আইসিসি) , ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) , ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, মিনিষ্ট্রি অব কমার্স গভঃ অব ইন্ডিয়ার সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে আইসিসির সভাপতি মোহাম্মদ আলী, ভারত হাইকমিশনের প্রথম সচিব বিজয় সিলভারাজ, ডিসিসিআই সহ সভাপতি সোয়েব চৌধুরী ছাড়াও এফবিসিসিআইয়ের পরিচালক, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাতলুব আহমাদ বলেন, মেলায় এনার্জি, ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্ট, ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিসহ বেশ কিছু পণ্যের প্রদর্শন করা হবে। এর ফলে এসব পণ্যের গুণগত মান সম্পর্কে আমরা জানতে পারবো। একই সঙ্গে তারা আমাদের পণ্যের মানোন্নয়নে সহযোগিতা করবে। ফলে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।
ইলেকট্রিক্যাল ইক্যুইপমেন্ট এবং ইলেকট্রনিক পণ্যে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি উন্নত প্রযুক্তিসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ,রপ্তানি বৃদ্ধির জন্য সরকারের কাছে তিন বছরের জন্য ৫ শতাংশ হারে ক্যাশ ইনসেনটিভ এবং স্পেশাল ইকোনোমিক জোনের যেকোনো একটিতে ইলেকট্রিক্যাল শিল্প পার্ক স্থাপনের দাবি জানানো হয়।

