অর্থনৈতিক প্রতিবেদক : শেষ দিনে এসে সাড়া মিলেছে পেট্রোল রপ্তানিতে। নেদারল্যান্ড ভিত্তিক টাপিগোরাক এবং সিঙ্গাপুর ভিত্তিক অলিপ সোমবার দরপ্রস্তাব জমা দিয়েছে। তবে কোম্পানি দুটি আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল কেনার প্রস্তাব করেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, প্রস্তাব মূল্যায়ন শেষে রপ্তানি প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জ্বালানি তেল রপ্তানি করতে যাচ্ছে। বিপিসি আশা করছে, চলতি বছর অন্তত দুই লাখ লিটার পেট্রোল রপ্তানি করা সম্ভব হবে।
বিপিসির দরপত্র উন্মুক্তকরণ কমিটির প্রধান ও মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) গিয়াস উদ্দিন আনসারী বলেন, ‘আন্তর্জাতিক বাজার থেকে টাপিগোরাক প্রতি ব্যারেলে কম দিতে চেয়েছে ৩ দশমিক ৯৫ ডলার এবং অলিপ কম দিতে চেয়েছে শূন্য দশমিক ৩৮ ডলার।’
গ্যাসের উপজাত হিসেবে পাওয়া যায় কনডেনসেট। কনডেনসেট প্রক্রিয়াজাত করে পাওয়া যায় পেট্রোল, অকটেনের মতো জ্বালানি তেল। এতোদিন দেশে উৎপাদিত এ তেল দিয়ে অভ্যন্তরীণ চাহিদার আংশিক পূরণ হলেও, এখন কনেডেনসেটের উৎপাদন বেড়ে যাওয়ায় দেশের চাহিদার অতিরিক্ত তেল থাকছে বিপিসি’র হাতে। তাই বাড়তি তেল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রথম পর্যায়ে ১৫ হাজার মেট্রিকটন পেট্রোল রপ্তানি করবে।

