স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা ফাইনালে হারের রেশ এখনও কাটেনি। চিলির কাছে টাইব্রেকারে হারের জন্য এখনও চারদিক থেকে সমালোচনার তীর ধেয়ে আসছে মেসির দিকে। এরই মাঝে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো ঘোষণা দিলেন, মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি।
সেপ্টেম্বরের ৮ তারিখ মেক্সিকোতে গিয়ে প্রীতি ম্যাচটি খেলে আসবে আর্জেন্টিনা। তার আগে দল নির্বাচন সম্পর্কে এক সাক্ষাৎকারে কোচ মার্টিনো বলেন, ওই প্রীতি ম্যাচ সম্পর্কে মেসি ভিন্ন কিছু বলেনি। এমনও বলেনি যে, আমি খেলতে পারবো না। সে অর্থে ধরেই নিচ্ছি, প্রীতি ম্যাচটিতে খেলবেন মেসি। খবরটি জানিয়েছে জিনহুয়া।
কোপা আমেরিকার ফাইনালে হারের পর ক্রমাগত সমালোচনার তীরে বিদ্ধ হতে হতে শেষ পর্যন্ত মেসি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় দল থেকে আপাতত কিছুদিন দুরে থাকতে চান তিনি। কিন্তু মেক্সিকান স্পোর্টস ডেইলি রেকর্ডকে দেয়া সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘মেসি তো না থাকার ব্যপারে আমাকে কিছুই বলেনি। এমনকি প্রীতি ম্যাচে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেয়নি সে। সুতরাং, এই ম্যাচে সে থাকছে- এটাই বলতে পারি। তবে সব কিছুই জানতে পারবেন, আগামী সপ্তাহে খেলোয়াড়ের তালিকা দেখে।’
একই সঙ্গে ক্রমাগত সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকা মেসির পক্ষ নিলেন মার্টিনো। তিনি বলেন, ‘আমি মেসি সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি জাতীয় দলে তার অন্তর্ভূক্তিটা বেশ গুরুত্বপূর্ণ। যেমন কোপা আমেরিকায় ছিল। ১৯৮৬ বিশ্বকাপের আগেও দিয়েগো ম্যারাডোনা একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। যদি এসব সমালোচনার কারণে মেসি জাতীয় দলের হয়ে না খেলেন, তাহলেই সবচেয়ে বেশি হতাশ হবো আমি।’

