স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করমি বেনজেমাকে ছাড়াই প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক অডি কাপের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। মঙ্গলবারের সেমিফাইনাল ম্যাচের জন্য সোমবার ঘোষিত দলে এই দুজনকে রাখা হয়নি।
রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ মিউনিখে অনুষ্ঠিত অডি কাপের সেমিফাইনালে মঙ্গলবার টটেনহ্যামের মুখোমুখি হবে। সেই ম্যাচে দলের দুই সেরা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে লস ব্লাঙ্কুসদের।
ক্রিশ্চিয়ানো রোনালদো পিঠের ইনজুরিতে ভুগছেন। অন্যদিকে গতকাল অনুশীলনের সময় পুরনো ঊরুর ইনজুরি জেগে উঠে বেনজেমার। যে কারণে এই দুজনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেননি বেনিতেজ।
রিয়াল মাদ্রিদের নতুন রিক্রুট কিকো ক্যাসিলার সঙ্গে দানিলো ও লুকাস ভ্যাকুয়েসকেও ২৪ সদস্যের দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। নরওয়ের তরুণ উদীয়মান তারকা মার্টিন ওদেগার্ডকেও দলে রাখা হয়েছে।

