বিনোদন ডেস্ক : বিতর্ক যেন আমিরের পিছু ছাড়ছে না আমিরের। আট মাস আগে মুক্তিপ্রাপ্ত ‘পিকে’ ছবি নিয়ে আবারো বিতর্কে জড়িয়েছেন তিনি। প্রথমবার অশ্লীলতার অভিযোগে সমালোচনার মুখে পড়লেও, এবার পুলিশকে ‘ঠোলা’ বলায় আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন বলিউডের এই খান সাহেব।
প্রায় আট মাস আগে ভারতজুড়ে মুক্তি পায় আমির খান অভিনীত ‘পিকে’। ছবির একটি অংশে ব্যাঙ্গ করে পুলিশকে ‘ঠোলা’ বলে সম্বোধন করা হয়। পুলিশকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করায় আমিরের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দিল্লির একজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা উল্লাস। ভারতীয় টিভি চ্যানেল জিনিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে।
গত জুলাই মাসে একটি টেলিভিশন সাক্ষাৎকারে পুলিশকে ‘ঠোলা’ বলে সম্বোধন করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেন দিল্লির পুলিশ কনস্টেবলরা। মূলত পুলিশের বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহারের অভিযোগে ওই মামলাটি করা হয়।
এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলার ঘটনায় উৎসাহিত হয়ে আমিরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন উল্লাস। এ প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কেজরিওয়াল পুলিশকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কেজরিওয়ালের অনেক আগেই পুলিশকে নিয়ে অপমানজনক এই শব্দটি ব্যবহার করা হয়েছে “পিকে’’ ছবিতে। তাই কেজরিওয়াল যে অপরাধ করেছেন, আমিরও তার ব্যতিক্রম নয়।
উল্লেখ্য, গেল বছর ৮৫ কোটি রুপি খরচ করে আমির খান নির্মাণ করেন ‘পিকে’। মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে ছবিটি। এর আয়ের পরিমাণ ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। কিন্তু ছবি মুক্তির আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে। ছবির পোস্টারে নগ্ন আমিরের উপস্থিতিকে অশ্লীল আখ্যা দিগয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন ধর্মীয় সংগঠন।

