স্পোর্টস ডেস্ক : সকাল থেকে বৃষ্টি নেই। চারদিন ফর্সা করে পূব আকাশেও জ্বলজ্বল করছিল সূর্য্য। তবুও ঢাকা টেস্টের পঞ্চম দিনের (সোমবার) খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ফলে চট্টগ্রাম টেস্টের মত ঢাকা টেস্টও দেখল নিষ্প্রান সমাপ্তির মুখ। একই সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজটাও শেষ হলো ০-০ ব্যবধানে।
সকাল সাড়ে ৮টায় মাঠ পরিদর্শনে নামেন দুই ফিল্ড আম্পয়ার পল রেইফল এবং রিচার্ড কেটেলব্রো এবং ম্যাচ রেফারী ক্রিস ব্রড । ভালোভাবে মাঠ পরিদর্শন শেষে তারা পৌনে ৯টার দিকে ঢাকা টেস্ট পরিত্যক্ত ঘোষণ করেন। সেন্টার উইকেট কিংবা তার আশে-পাশে ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে শুকনোই ছিল। তবে আউটফিল্ডে প্রচুর পরিমাণ পানি জমে থাকার কারণে খেলা মাঠে গড়ানো সম্ভব নয়। এ কারণেই ম্যাচ রেফারিকে ৫ম দিনের খেলা বাতিল ঘোষণা করতে হলো।
এরআগে সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে এসে থামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বহন করা বাস দুটি। দুই দলের ক্রিকেটারা শেষ দিনের খেলার জন্য তৈরীও হচ্ছিলেন। কিন্তু ম্যাচ রেফরীর হঠাৎ ৫ম দিনের খেলা বাতিল ঘোষণায় বিস্মিত হয়ে যান দু’দলের খেলোয়াড়রাই।
বৃহস্পতিবার শুরু হয় ঢাকা টেস্ট। ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম দিনের খেলা। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ২৪৬ রান। অধিনায়ক মুশফিকুর রহিম করেন ৬৫ রান। ডেল স্টেইন ওইদিনই পৌঁছান ৪০০ উইকেটের মাইফলকে। এরপর বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় ঘুর্ণিঝড় কোমেনের দাপট। যার কারণে প্রবল বৃষ্টিপাত এবং বৃষ্টিতে ভেসে যায় শুক্র, শনি এবং রোববারের খেলা।
তবে রোববার বিকেল থেকে আকাশ পরিস্কার থাকায়, আশা ছিল সোমবার টেস্টের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে। আজও সকাল থেকে আকাশে রোদ ছিল। সেন্টার উইকেট এবং তার আশে-পাশের এলাকাও ছিল শুকনো; কিন্তু থাকলে কি হবে, আউটফিল্ড যে পুরো পানিতে ভাসছে তখনও। টানা তিন দিন বৃষ্টি হওয়ার কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পানি নিষ্কাশন সিস্টেমও অকার্যকর হয়ে পড়ে। এই মাঠটি খেলার জন্য প্রস্তুত করতে কম করেও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লেগে যাবে। বাকি ৪/৫ ঘণ্টার জন্য খেলা মাঠে গড়ানোর আর কোন মানে হয় না বলেই রেফারি ক্রিস ব্রড পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।
বৃষ্টি কিংবা যে কোন কারণেই হোক, প্রোটিয়াদের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ ড্র করলো বাংলাদেশ। এর আগের চার সিরিজের সবকটিই ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
প্রোটিয়াদের বাংলাদেশ সফর শুরু হয়েছিল টি২০ সিরিজ দিয়ে। দুই ম্যাচের টি২০ সিরিজ ২-০তে জিতে নেয় সফরকারীরা। এরপর ৩ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিও জেতে তারা। কিন্তু দ্বিতীয় ওয়ানডে থেকেই ঘুরে দাঁড়ায় মাশরাফির দল। টানা দুই ওয়ানডে জিতে প্রোটিয়াদের প্রথমবারেরমত ওয়ানডে সিরিজে পরাজিত করে বাংলাদেশ।

