স্পোর্টস ডেস্ক : প্রতিযোগী ২১২ জন। এদের সঙ্গেই জোর লড়াই করতে হয়েছে তার। অনুমিতভাবে শীর্ষ পাঁচ কিংবা দশেও নেই তিনি। হয়েছেন ১৭তম। তারপরও ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের হয়ে রুমান সানার এই অর্জন নেহায়েত কম নয়।
ডেনমার্কের কোপেনহেগেনে চলছে ‘ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপ’। রুমান সানার এই কৃতিত্ব রিকার্ভ ডিভিশনের পুরুষ সেকশন এককে।
ইলিমিনেশনের তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের রুমান সানা ৬-২ সেট পয়েন্টে পরাজিত হন ইতালির মাওরে নেসপলির কাছে। যিনি আবার র্যাংকিংয়ে সবার উপরে।
ওয়ার্ল্ড লেভেলে তীর-ধনুকের খেলায় রুমান সানার এটাই সেরা অর্জন। এর আগে ২০১৩ সালে তুরুষ্কতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশীপে ৩৩তম স্থান দখল করেছিলেন রুমান।
বৈশ্বিক পর্যায়ে সাফল্যের অনুপাত একটু কম হলেও এশিয়ান পর্যায়ে রুমান সানার রয়েছে উজ্জ্বল দিক। গত বছরই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান গ্রান্ড প্রিক্সে স্বর্ণ জিতেছিলেন ২০ বছর বয়সী এই তীরন্দাজ।

