স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী পেসার ওয়াসিম আকরামকে নতুন করে কাজে লাগিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির বাছাই করা সেরা ১২ তরুণ পেসারকে প্রশিক্ষণ দেয়ার জন্য ওয়াসিম আকরামকে দায়িত্ব দিয়েছে। করাচিতে ১২ দিনের ক্যাম্পে পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই পেসার তরুণ পেসারদের প্রশিক্ষণ দিবেন।
বৃহস্পতিবার পিসিবি আগামী ১ আগস্ট করাচির জাতীয় স্টেডিয়ামে ওয়াসিম আকরামের সঙ্গে ট্রেনিং ক্যাম্পে যোগ দেয়ার জন্য সেরা ১২ পেসারের নাম ঘোষণা করেছে। চলতি মাসে করাচিতে চারটি ক্যাম্পে দীর্ঘ এক পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে এই ১২ তরুণ পেসারকে বেছে নিয়েছে পিসিবি।
পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় ইলেকট্রিক কোম্পানি গোটা প্রশিক্ষণের খরচ বহন করার দায়িত্ব নেয়ার পর পিসিবি এটির আয়োজন করে। কোম্পানিটি শর্ত হিসেবে প্রশিক্ষক হিসেবে কিংবদন্তী ওয়াসিম আকরামকে নিয়োগ দেয়ার কথা বলে। পিসিবি সেই শর্ত মোতাবেক তাকেই প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়।
পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়েছে পিটিআই জানায়, এই প্রশিক্ষণের জন্য ওয়াসিম আকরামকে সরাসরি স্পন্সর কোম্পানিটি আর্থিক সুবিধা দেয়ার নিশ্চয়তা দিয়েছে। পিসিবিকে এক্ষেত্রে কোনো অর্থ ব্যয় করতে হবে না।
পাকিস্তানের তরুণ পেসারদের নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার কাজ শুরু করতে যাচ্ছেন ৯২’র বিশ্বকাপজয়ী হিরো ওয়াসিম আকরাম। এর আগে ২০১৩ সালে পাকিস্তান জাতীয় দলের ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, সোহেল খান ও জুনায়েদ খানদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
ওয়াসিম আকরামের ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ১২ পেসার হলেন- মির হামজা, আহমেদ জামাল, মজিদ আলি, তাজ ওয়ালি, আহমেদ বাট, আমির ইয়ামিন, আজিজুল্লাহ, মোহাম্মদ ইরফান, সামিন গুল, আলতাফ খান, বিলাওয়াল ও জিয়অ উল হক।
প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে তরুণদের নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। পিসিবির সঙ্গে ওয়াসিমের সম্পর্ক অম্ল-মধুর হলেও তরুণ পেসারদের প্রশিক্ষক হিসেবে ওয়াসিম আকরামকে নিয়োগ দিতেই বাধ্য হয়েছে।

