স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট উইকেটের মালিক হয়েছিলেন ডেল স্টেইন। সেবার স্টেইনগানের শিকার জুনায়েদ সিদ্দিকি। সেই চট্টগ্রামে সাত বছর পর একটুর জন্য যে ল্যান্ডমার্কে পৌঁছানো হয়নি প্রোটিয়া পেসারের, শেষ পর্যন্ত সেটিই পুর্ণ করলেন মিরপুর শেরেবাংলায়।
বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিনে ডেল স্টেইন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে স্মরনীয় করে রাখলেন তামিম ইকবালকে সাজঘরে পাঠিয়ে। সে সঙ্গে নাম লেখালেন টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট শিকারির এলিট ক্লাবে। টেস্ট ক্রিকেটে ১৩তম বোলার হিসেবে ৪শ’র মাইলফলকে পৌঁছান স্টেইন। তবে এদের মধ্যে ৫ জন আবার ৪০০ ক্লাব পেরিয়ে ৫০০, ৬০০ বা তদূর্ধ্ব ক্লাবে এর আগে নাম লিখিয়েছেন।
সে হিসাবে শুধুমাত্র ৪০০’র ক্লাবে রয়েছেন ৮জন বোলার। অষ্টম বোলার হিসেবে সর্বশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকান এই ডানহাতি পেসার। ৩৯৬ উইকেট নিয়ে বাংলাদেশে খেলতে আসা স্টেইন চট্টগ্রাম টেস্টে নেন ৩ উইকেট। ঢাকা টেস্ট শুরুর আগে স্টেইনের প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। চলতি টেস্টসহ ৮০ টেস্টে তার উইকেট সংখ্যা এখন ৪০০টি।
ঢাকা টেস্টের প্রথমদিনের শুরুতেই নিজের করা দ্বিতীয় ওভারের শেষ বলে তামিম ইকবালকে সাজঘরে ফিরিয়ে ৪০০তম টেস্ট উইকেট পাওয়ার আনন্দ উদযাপন করতে পারতেন স্টেইন; কিন্তু সেকেন্ড স্লিপে দাঁড়ানো ওপেনিং ব্যাটসম্যান ডিন এলগার ক্যাচটি তালুবন্দী করতে ব্যর্থ হন। নতুন জীবন পাওয়ায় ভাবা হচ্ছিল, এবার হয়তো সতর্ক হয়ে যাবেন তামিম এবং একটা বড় স্কোর গড়ার লক্ষ্যে এগিয়ে যাবেন।
কিন্তু তামিম টিকতে পারলেন মাত্র আর এক ওভার। স্টেইনের দ্বিতীয় ওভারে যে ভুল করেছিলেণ, একই ভুল করলেন আবারও। তবে আগের ওভারে এলগার ভুল করলেও, এবার আর ভুল করেননি প্রথম স্লিপে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
স্টেইনের লাফিয়ে ওঠা বলটি স্ট্যাম্পের বেশ বাইরে দিয়ে যাচ্ছিল। কিন্ত সেই বলটি খেলার লোভ সামলাতে পারেননি তামিম। তাতেই প্রথম স্লিপে আমলাকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন বাংলাদেশি এই ওপেনার। স্কোরবোর্ডে ৬ রানই যোগ করতে পেরেছেন মাত্র, এ বাঁহাতি ওপেনার।
৩২ বছর বয়সী প্রোটিয়া পেসার স্টেইনের অভিষেক হয় ২০০৪ সালে, ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথে। অভিষেক টেস্টেই পেয়েছিলেন উইকেট শিকারের স্বাদ। তার টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ভারতের বিপক্ষে।
২০১০ সালে ভারত সফরে নাগপুর টেস্টে ৫১ রানে ৭ উইকেট নিয়ে একাই ভারত শিবিরে ধ্বস নামান তিনি। বাংলাদেশের বিপক্ষে ডেল স্টেইন আরও একটি কারণে স্মরণীয় হয়ে রয়েছেন। ২০০৮ সালে চট্টগ্রামে জুনায়েদ সিদ্দিকির উইকেটটি নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম শততম উইকেটে শিকাররি ক্লাবে যোগ দিয়েছিলেন স্টেইন।

