বিনোদন ডেস্ক : নামীদামি তারকা অভিনেতা-অভিনেত্রী ও বিশিষ্ট রাজনৈতিকদের পর এবার হলে গিয়ে স্ত্রীসহ নিরজ ঘাইওয়ানের ছবি ‘মাসান’ দেখলেন পিকে খ্যাত অভিনেতা আমির খান।
‘বাজরাঙ্গি ভাইজান’ –এর প্রভাব যেনো থামছেই না বলিউডে। গত ১৭ জুলাই মুক্তি পেলেও ভারতে টানা দর্শকপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে সালমান খান অভিনীত ছবিটি, আর এর মধ্যে ২৪ জুলাই ভারতে মুক্তি পেয়েছে রিচা চাড্ডা অভিনীত নিরজ ঘাইওয়ানের কান চলচ্চিত্রজয়ী ছবি ‘মাসান’। ‘বাজরাঙ্গির ভাইজান’-এর প্রতি দর্শকদের টান এখনো অক্ষুণ্ন থাকলেও বলিউডের নামীদামি তারকারা ঠিকই দেখছেন ভিন্ন ধাঁচের সিনেমা ‘মাসান’। এবার মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান থিয়েটারে গিয়ে দেখলেন ছবিটি, আর তার সাথে ছিল স্ত্রী কিরণ রাও।
‘মাসান’ চলচ্চিত্রে দু’জন নারীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে ছবিতে ভারতীয় সমাজের অন্ধকার দিকটি উন্মোচনের প্রয়াস খুঁজেছেন নির্মাতা নিরজ ঘাইওয়ান। ছবিটিতে সমতলে দু’জন নারীর গল্প দেখা যায়। একদিকে দেখা যায় দুষ্টু পুলিশের ষড়যন্ত্রে ‘এমএমএস’ স্ক্যান্ডালের শিকার হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন অভিনেত্রী রিচা চাড্ডা; অন্যদিকে নিম্নবর্ণের ছেলেকে ভালোবাসেন সীতা ত্রিপাঠি, তাকে সইতে হয় সমাজের নানা যাতনা। শেষ পর্যন্ত ছেলেটিকে জীবন্ত পুড়িয়ে দেয়া হয়।
উল্লেখ্য, ২৪ জুলাই ছবিটি সিনেমা হলে মুক্তির পর অনেক উল্লেখযোগ্য তারকা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ছবিটি দেখেছেন। ২৫ জুলাই হলে গিয়ে দিল্লীর মূখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও ‘মাসান’ ও রিচার অভিনয় দেখে মুগ্ধতার কথা জানিয়ে ছিলেন।


