স্পোর্টস ডেস্ক : স্বপ্ন এখনও মরেনি বর্ষিয়ান ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিব নারায়ন চন্দরপলের। পড়তি ফর্মের জেরে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অপাঙক্তেয় বলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি চন্দরপলকে দেখতে হয়েছিল দর্শক হয়ে। ওই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ কেমন খেলেছিল সেটা সবারই জানা। দুই টেস্টের সিরিজে জঘণ্যভাবে হেরে গিয়েছিল ক্যারিবীয়রা।
আর মাত্র তিন সপ্তাহ পরই ৪১-এ পা দেবেন চন্দরপল। তিনি নিজেও ভালো করে জানেন, চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু যাওয়ার আগে একটা স্বপ্ন পুরণ করতে চান চন্দরপল। তা হলো প্রথম ক্যারিবীয় ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছনো।
চন্দরপল বলেন, ‘আমার ইচ্ছা, টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করা। এটা হবে অনেক বড় এক অর্জন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে আমি অবসর নিতে চাই। আশা করি আমি আমার স্বপ্ন পুরণের সুযোগ পাব।’
চন্দরপল ১৬৪ টেস্টে ৩০ সেঞ্চুরিসহ রান করেছেন ১১,৮৬৭। গড় ৫১’র উপরে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ইংল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সই কাল হয়ে দাঁড়ায় চন্দরপলের। ওই সিরিজে ৬ ইনিংসে তিনি করেছিলেন মাত্র ৯২ রান।
কিন্তু চন্দরলের মনে হচ্ছে, এখনও তিনি আগের মতোই আছেন। বরং পারফর্ম করার জন্য মুখিয়ে তিনি, ‘এখনও মনে করি, আমি ভালো খেলছি। আমি ক্ষুধার্ত হয়ে আছি, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার জন্য।’
সম্প্রতি সাবেক ব্রাজিলিয়ান বিশ্বকাপ মহাতারকা রিভালদো এবং তার ছেলে রিভালদিনহো ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল মগি মিরিমের হয়ে খেলেছেন এবং দু’জনই গোল পেয়েছেন। রিভালদোর মতো চন্দরপলও তার ১৯ বছর বয়সী ছেলে ত্যাগনারায়ন চন্দরপলের সঙ্গে গায়ানার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন একসঙ্গে।
ত্যাগনারায়নের সাথে খেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চন্দরপল বলেন, ‘আমার ছেলে ত্যাগনারায়নের সঙ্গে খেলা ছিল দারুন এক অভিজ্ঞতা। ছেলের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাটা যে কোন পিতার জন্য অবশ্যই গর্বের। যদিও আমরা মিডলঅর্ডারে একসঙ্গে ব্যাট করার সুযোগ পাইনি। দ্বিতীয় ইনিংসে ১৭১ রানের মধ্যে সে ৪০ রান করেছে। সে যত বেশি খেলবে, তত বেশি উন্নতি করবে।’

