স্পোর্টস ডেস্ক : রাফায়েল বেনিতেজের ভাগ্যটা ভালোই বলতে হবে। এএস রোমার কাছে হার দিয়ে তার অভিষেক হলেও ম্যানসিটিকে হারিয়ে শিরোপা উদযাপনের পর চীনের গুয়াংজুতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে সোমবার রাতে ইন্টার মিলানকেও হারিয়ে দিয়েছে তার দল রিয়াল মাদ্রিদ। ব্যবধান ৩-০। ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা গ্যারেথ বেলরা গোল না পেলেও সহজ জয় উদযাপন করলো লজ ব্লাঙ্কোজরা।
সবচেয়ে মজার বিষয় হলো, প্রীতি ম্যাচ হওয়ার কারণে যেহেতু খেলোয়াড় পরিবর্তনে কোন বাধা নেই, সে কারণে দ্বিতীয়ার্ধে পুরো সেটই পরিবর্তন করে ফেলেন বেনিতেজ। প্রথমার্ধে যে ১১জনকে খেলিয়েছিলেন, দ্বিতীয়ার্ধে তাদের সবাইকে তুলে নেন তিনি। ফলে, এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ২২জন ফুটবলারের সবাই’ই মাঠে নামার সুযোগ পায়।
তবে গোলের দেখা পেয়েছেন হেসে রদ্রিগেজ, রাফায়েল ভারানে এবং হামেস রদ্রিগেজ। খেলার ২৯ মিনিটেই গোল করেন হেসে। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট যেতে না যেতে গোলের দেখা পান রাফায়েল ভারানে। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে ইন্টার মিলানের জালে শেষ পেরেক ঠুকে দেন হামেস রদ্রিগেজ। বাঁ পায়ে দুর পাল্লার দুর্দান্ত এক ফ্রি কিকে ইন্টারের জালে বল জড়ান তিনি।

