সিলেট প্রতিনিধি : এবার একাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সিলেটের ছয়টি কলেজের পাঠদান বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোস্তফা কামাল আহমদ।
মঙ্গলবার দুপুরে তিনি জানান, সিলেটের ছয়টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এমতাবস্থায় এসব প্রতিষ্ঠান নিয়ে কলেজের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ও পড়েছে বিপাকে।
শিক্ষার্থী ভর্তি না হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সিলেট নগরীর মিরাবাজারস্থ নাইট কলেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, বিশ্বনাথ উপজেলার মফিজ আলী স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জ সদর উপজেলার জুবলী স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালক স্কুল অ্যান্ড কলেজ এবং গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কলেজের স্বীকৃতি টিকিয়ে রাখার জন্য প্রতি বিভাগে ২৫ শিক্ষার্থী থাকা বাঞ্ছনীয়। তাই শিক্ষার্থী না পাওয়ায় এসব কলেজ অস্তিত্ব সঙ্কটে পড়েছে। কারণ তাদের দ্বাদশ শ্রেণীতেও খুব একটা শিক্ষার্থী নেই। কোনো কোনো কলেজে দ্বাদশ শ্রেণীতে একজনও শিক্ষার্থী নেই। শিক্ষার্থীবিহীন এসব কলেজ না রাখার পক্ষেই মত শিক্ষা মন্ত্রণালয়ের। দ্রুতই পরিদর্শন করে এসব কলেজের অনুমোদন বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়।
মোস্তফা কামাল আহমদ আরো জানান, যেসব কলেজ একাদশ শ্রেণীতে কোনো শিক্ষার্থী পায়নি তাদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর ব্যাপারে বলা হয়েছে। এখনো ভর্তির কার্যক্রম চলছে। ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর মন্ত্রণালয়ে জবাব দেয়া হবে বলে জানান তিনি।

