বিনোদন ডেস্ক : সিনেমা হলে গিয়ে রিচা চাড্ডা অভিনীত নিরজ ঘাইওয়ানের প্রথম ছবি ‘মাসান’ দেখলেন দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।
২৪ জুলাই ভারতের সিনেমা হলে মুক্তি পেয়েছে রিচা চাড্ডা অভিনীত নিরজ ঘাইওয়ানের ছবি ‘মাসান’। আর ২৫ তারিখ শনিবারেই সিনেমা হলে ছবিটি দেখলেন দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই না, ছবিটি দেখার পর ‘মাসান’-এর নির্মাতা এবং অভিনেত্রী রিচা চাড্ডার ব্যাপক প্রশংসা করেন কেজরিওয়াল। টুইট করে সবাইকে ছবিটি দেখারও আমন্ত্রন জানান তিনি।
মাসান দেখার পর কেজরিওয়াল টুইট করে বলেন, ‘মাসান’ দেখলাম, অসাধারণ একটি সিনেমা। সবার দেখা উচিত। অভিনেত্রী রিচা চাড্ডার অভিনয়ের প্রশংসা করে কেজরিওয়াল বলেন, ‘মাসান’-এ রিচার অভিনয়ে মুগ্ধ!
২৪ জুলাই ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে৬৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ‘ফিপ্রেসি অ্যাওয়ার্ড’ জিতে নেয়া নিরজ ঘাইওয়ানের প্রথম ছবি ‘মাসান’। মূল ধাঁচের না হওয়ায় এমনিতেই দর্শক খরার আশঙ্কা ছিল, তারউপর ভারতীয় সিনেমায় চলছে ‘বাজরাঙ্গি ভাইজান’ মাতম!
‘মাসান’ চলচ্চিত্রে দু’জন নারীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে ছবিতে ভারতীয় সমাজের অন্ধকার দিকটি উন্মোচনের প্রয়াস খুঁজেছেন নির্মাতা নিরজ ঘাইওয়ান। ছবিটিতে সমতলে দু’জন নারীর গল্প দেখা যায়। একদিকে দেখা যায় দুষ্টু পুলিশের ষড়যন্ত্রে ‘এমএমএস’ স্ক্যান্ডালের শিকার হয়ে সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন অভিনেত্রী রিচা চাড্ডা; অন্যদিকে নিম্নবর্ণের ছেলেকে ভালোবাসেন সীতা ত্রিপাঠি, তাকে সইতে হয় সমাজের নানা যাতনা। শেষ পর্যন্ত ছেলেটিকে জীবন্ত পুড়িয়ে দেয়া হয়।
উল্লেখ্য, কান উৎসবে ‘মাসান’ প্রদর্শনীর পর উপস্থিত দর্শকরা অভিবাদন জানিয়েছিলেন ছবিটির কলাকূশলীসহ সবাইকে। শুধু কি তাই! ছবিটির সম্মানে দীর্ঘ পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে সম্মান জানিয়ে ছিলেন ছবির পরিচালক নিরজ ঘাইওয়ানকে। তবে এসব আবেগ মথিত ব্যাপার ছাড়াও শেষ পর্যন্ত ছবিটি জিতে নিয়েছে ‘ফিপ্রেসি অ্যাওয়ার্ড’। যার পুরো পরিচয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড। তবে এখন দেখার বিষয় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করা ছবিটি কতোটা আপন করে নিতে পারেন ভারতীয় দর্শক।

