স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির সঙ্গে তারা একই গ্রুপে পড়েছে। শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়।
স্পেন ও ইতালির মতো কঠিন গ্রুপে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার জন্য নেদারল্যান্ডের সঙ্গে মোকাবেলা করতে হবে ফরাসিদের।
সেই হিসেবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল। ইংল্যান্ড ও স্কটল্যান্ড একই গ্রুপে পড়েছে।
ইউরোপ থেকে মোট ১৪টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হওয়ার সুবাদে রাশিয়া সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ায় বাকি ১৩টি স্থানের জন্য বাছাইপর্বে লড়বে ইউরোপের দেশগুলো। সে লক্ষ্যে ইউরোপের বাকি ৫২টি ফিফার সদস্য রাষ্ট্র ৯টি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নেবে। প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। আর সেরা আট রানার্স-আপের মধ্যে ৪টি দল প্লে-অফের মাধ্যমে রাশিয়া বিশ্বকাপের টিকেট পাবে।
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের খেলা আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে ২০১৭ সালের অক্টোবরে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ড্রয়ের প্রয়োজন হয় না। এখানকার ১০টি দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে সবাই সবার সঙ্গে খেলবে। শেষে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। আর পঞ্চম স্থানে থাকা দলটি ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের চ্যাম্পিয়নের সঙ্গে দুই লেগের প্লে-অফ খেলবে।
গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ ‘জি’ পর্যন্ত প্রতিটি গ্রুপেই ছয়টি দল বাছাইপর্বে অংশ নিবে। তবে ‘এইচ’ ও ‘আই’ গ্রুপে পাঁচটি করে দল রয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বের ড্র (ইউরোপ):
গ্রুপ ‘এ’: নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ ও লাক্সেমবার্গ।
গ্রুপ ‘বি’: পর্তুগাল, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ফারো আইল্যান্ডস, লাটভিয়া ও অ্যান্ডোরা।
গ্রুপ ‘সি’: জার্মানি, চেক প্রজাতন্ত্র, নর্দান আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান ও সান মারিনো।
গ্রুপ ‘ডি’: ওয়েলশ, অস্ট্রিয়া, সার্বিয়া, রিপাবলিক অব আয়ারল্যান্ড, মলদোভা ও জর্জিয়া।
গ্রুপ ‘ই’: রোমানিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, মন্টেনিগ্রো, আর্মেনিয়া ও কাজাখস্তান।
গ্রুপ ‘এফ’: ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্কটল্যান্ড, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া ও মাল্টা।
গ্রুপ ‘জি’: ইতালি, স্পেন, আলবেনিয়া, ইসরাইল, মেসিডোনিয়া ও লিচেস্টাইন।
গ্রুপ ‘এইচ’: বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, গ্রিস, এস্তোনিয়া ও সাইপ্রাস।
গ্রুপ ‘আই’: ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, ইউক্রেইন, তুরস্ক ও ফিনল্যান্ড।

