স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার ক্রিকেটের বড় তারকা হিসেবে অর্জুনা রানাতুঙ্গা, ডি সিলভার, জয়াসুরিয়া, সাঙ্গাকারা ও জয়াবর্ধনের মতো বড় নামের কারণে বরাবরই আড়ালে পড়ে থাকেন তিলকারত্নে দিলশান। অনেকটা নীরবে-নিভৃতেই অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন এই লংকান ওপেনার। চতুর্থ শ্রীলংকান এবং ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ১০ হাজার রান থেকে মাত্র ৫৫ রান দূরে ছিলেন দিলশান। রোববার ৫৫ রানের ইনিংসে পেরিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
দিলশানের আগে সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা শ্রীলংকার হয়ে ১০ হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন। এই তিন লংকান তারকা ছাড়া ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা অপর তারকারা হলেন- শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ইনজামাম উল হক, রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলি ও ব্রায়ান লারা। সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান নিয়ে সবার ওপরে রয়েছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
রোববার শোয়েব মালিকের বল লেগে ঠেলে দিয়ে সিঙ্গেলস নিয়ে ৫৫ রানে পৌঁছার মধ্য দিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিলকারত্নে দিলশান। অসাধারণ এক মাইলফলকে পৌঁছার পর বিশ্বজয়ের হাসি হেসে ব্যাট তুলে ধরলেন, আকাশের দিকে তাকিয়ে মাইলফলক উদযাপন করেন। পাকিস্তানের অধিনায়ক আজহার আলি এবং সফরকারী দলের সিনিয়ন খেলোয়াড় শোয়েব মালিক এসময় এগিয়ে দিলশানকে অসাধারণ ল্যান্ডমার্কে পৌঁছায় অভিবাদন জানান।

