স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে প্যারিস সেন্ট জার্মেই’কে (পিএসজি) হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। নির্ধারিত সময়ের খেলা ১-১ এ সমতা থাকার পর টাইব্রেকারে ফরাসি চ্যাম্পিয়নদের ৬-৫ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল।
চেলসির জয়ের নায়ক গোলরক্ষক থিয়াবো কুর্তোয়া। দু’দুটি পেনাল্টি শট রুখে দিয়ে দলকে রোমাঞ্চকর এক জয় এনে দেন কুর্তোয়া।
প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের কাছে ৪-২ গোলে হেরে যায় হোসে মরিনহোর দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে অবশ্য এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ২৫ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন সুইডিশ তারকা জাতান ইব্রাহিমোভিচ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুর্দান্ত খেলা উপহার দেয় হোসে মরিনহোর চেলসি। চেলসির হয়ে অভিষেক ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই আক্রমণাত্মক খেলা উপহার দেন কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ম্যাচের ৬৫ মিনিটে ভিক্টর মসেসের গোলে সমতায় ফেরে চেলসি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারেও প্রথম দিকে এগিয়ে ছিল পিএসজি। প্রথম তিনটি পেনাল্টি শটের পর পিএসজির পক্ষে ফলাফল ছিল ৩-২। চেলসির হয়ে হুয়ান কুয়াদ্রাদোর নেয়া তিন নম্বর পেনাল্টি কিক ঠেকিয়ে দেন পিএসজির গোলরক্ষক সালভাতর সিরিগু।
এরপর দুর্দান্ত নৈপূণ্য উপহার দেন চেলসির গোলরক্ষক থিয়াবো কুর্তোয়া। পিএসজির খেলোয়াড়দের করা পরের চারটি পেনাল্টি কিকের দুটিই ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক। চেলসির খেলোয়াড়দের নেয়া বাকি চারটি শটই লক্ষ্যভেদ হয়। দলের হয়ে শেষ পেনাল্টি কিক থেকে গোল করে চেলসিকে ‘স্মরণীয়’ জয় এনে দেন গোলরক্ষক থিয়াবো কুর্তোয়া।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি।

