স্পোর্টস ডেস্ক : কোমরের ইনজুরির কারণে ৬ সপ্তাহেরও বেশি সময় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বাইরে। নিজের সর্বশেষ সেরা টাইমিং ১০.১২ সেকেন্ডের। শূণ্যস্থান যেমন খালি থাকে না, তেমনি উসাইন বোল্টের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে গেলেন জাস্টিন গ্যাটলিন। ৩৩ বছর বয়সী মার্কিন এই স্প্রিন্টার ডোপের কারণে দু’দুবার নিষিদ্ধ হলেও নিজের সেরা সময়টাই যেন পার করছেন।
এমনই এক পরিস্থিতিতে বেশ জোর গলাতেই বোল্টকে রীতিমত হুঙ্কার ছেড়ে চ্যালেঞ্জ জানিয়ে আসছেন গ্যাটলিন। বোল্টের বিশ্বরেকর্ড, ৯.৫৮ সেকেন্ডের টাইমিংটাও নাকি ভেঙে দেবেন তিনি। বোল্ট ভক্তরাও শঙ্কায় ছিলেন, বেইজিং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আগে কি তবে, বোল্ট সুস্থ হয়ে উঠতে পারবেন না!
ভক্তদের শঙ্কাকে ভূল প্রমাণিত করে জাস্টিন গ্যাটলিনের চ্যালেঞ্জটা ভালোমতই গ্রহণ করলেন বোল্ট। বৃষ্টিতে ভেজা লন্ডন অলিম্পিক পার্ক স্টেডিয়ামের ট্র্যাকে দৌড়ের গতি বাড়িয়ে টাইমিং কমিয়ে এনেছেন ১০ সেকেন্ডের নীচে। হিট এবং ফাইনাল- দু’বারই লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে দৌড়েছেন ৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে। বলা যায় হেসে-খেলেই লন্ডনের বার্ষিক এই ডায়মন্ড লিগে নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বোল্ট। একই সঙ্গে আগামী মাসে বেইজিং অলিম্পিকের জন্য নিজের আগমনী বার্তাও জানান দিলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব।
অ্যাথলেটিক্সকে কলঙ্কিত করেছেন, এমন অভিযোগে লন্ডন ডায়মন্ড লিগে আমন্ত্রণই জানানো হয়নি জাস্টিন গ্যাটলিনকে। বছরের সেরা তিন টাইমার গ্যাটলিন, আসাফা পাওয়েল এবং ট্রেইবন ব্রোমেল এই প্রতিযোগিতায় লড়াই করেননি।
জাস্টিন গ্যাটলিনের হুঙ্কার ছাড়ার কারণও রয়েছে। বছরের সেরা চারটি টাইমিং যে এখনও তারই দখলে! ৯.৭৪ সেকেন্ডই হচ্ছে এ বছরের সেরা টাইমিং। এছাড়া দু’বার ৯.৭৫ এবং একবার ৯.৭৮ সেকেন্ডের টাইমিং রেকর্ড গড়েন গ্যাটলিন। বোল্টের ৯.৮৭ সেকেন্ড হচ্ছে এ বছরের ৬ষ্ঠ সেরা টাইমিং। অথ্যাৎ, বেইজিং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যে বোল্ট এখনও চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।
লন্ডন ডায়মন্ড লিগে অবশ্য বোল্ট যাকে হারিয়েছেন, মার্কিন অ্যাথলেট মাইকেল রজার্সের সঙ্গে তার ব্যবধান ছিল মাত্র ০.০৩ সেকেন্ড। জ্যামাইকান স্প্রিন্টার কেমার বেইলি কোল ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে দৌড় শেষ করেন।
লন্ডন ডায়মন্ড লিগ শেষেই সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ৯.৫৮ সেকেন্ডের রেকর্ড ভাঙা নিয়ে গ্যাটলিনের হুমকি সম্পর্কে বোল্ট বলেন, ‘আমি বিশ্বাস করি না যে সে আমার রেকং ভাঙতে পারবে। আর এমন কোন হুমকিতে আমি ভয়ও পাই না। আমি চেয়েছিলাম শুধু, বেইজিংয়ের আগে নিজের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে। সেটাই শেষ পর্যন্ত করতে পেরেছি।’
বোল্টের দৌড় দেখে কিংবদন্তি স্টিভ ক্র্যাম বলে ফেললেন, ‘আমার সঙ্গে কি মজা করল কেউ ?’ আর এক প্রাক্তন বিশ্বজয়ী কলিন জ্যাকসনের মন্তব্য, ‘আমার কোনও কথা সরছে না। ওর চোট কোথায়? এ তো একেবারে পুরোনো বোল্ট।’
একই প্রতিযোগিতায় বৃটিশ দুর পাল্লার দৌড়বীদ মোহামেদ (মো.) ফারাহ জিতলেন ৩ হাজার মিটারের দৌড়। লন্ডন অলিম্পিক পার্কে এ নিয়ে নিজেকে অপরাজিত রাখলেন বৃটিশ অলিম্পিক জয়ী এই দৌড়বীদ।

