স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার সঙ্গে সিরিজ জেতায় ওয়ানডে র্যাংকিংয়ে অষ্টম স্থান নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। একই সঙ্গে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত আজহার আলিদের। আগস্টে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা রয়েছে পাকিস্তানের। সেখানে খেলার কথা ওয়েস্ট ইন্ডিজেরও। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজ খেলতে গড়িমসি করছে!
অথচ বাংলাদেশের কাছে হারের পর তাদের ব্যাপক আগ্রহের কারণে এই সিরিজের উদ্যোগ নেওয়া হয়। শ্রীলংকায় সিরিজ হারলে পাকিস্তানের র্যাংকিংয়ে আট নম্বরে উঠতে জিম্বাবুয়ের সিরিজই ছিল শেষ ভরসা। যেহেতু পাকিস্তানের কাজ হয়ে গেছে, তাই এখন তারা আর জিম্বাবুয়েতে খেলতে চাইছে না!
শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। পঞ্চম এবং শেষ ওয়ানডে হবে রোববার হাম্বানটোটায়। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে র্যাংকিংয়ের শীর্ষ আট দল অংশ নেবে।
পিসিবি একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, তারা জিম্বাবুয়েতে ওয়ানডে খেলবেন কি না এ নিয়ে চিন্তা-ভাবনা করছেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ত্রিদেশীয় সিরিজ কিংবা স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ চূড়ান্ত করিনি।’
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারে পিসিবি’র পূর্বের দেওয়া বক্তব্য সঠিক ছিল না,‘আমাদের সঙ্গে ত্রিদেশী সিরিজ বা দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে কোনো কথা হয়নি। কোনো চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে যখন চেয়ারম্যান শাহরিয়ার খান লন্ডন থেকে ফিরবেন।’
ওই কর্মকর্তার মতে, জিম্বাবুয়ের সঙ্গে তাদের দারুণ সুসম্পর্ক রয়েছে। তবে জিম্বাবুয়েতে তাদের ত্রিদেশীয় টি-২০ বা দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ খেলতে আপত্তি নেই, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে তারা যেভাবে গত মে মাসে তাদের দল পাঠিয়ে পাকিস্তানকে সমর্থন করেছে তা অসাধারণ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তাদের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করবো।’
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলংকার টিম বাসে বন্দুকধারীদের অতর্কিত হামলার পর আর সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। জুনে জিম্বাবুয়ে প্রথম দল যারা সকল বাধা উপেক্ষা করে পাকিস্তানে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে।

