স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে অসাধারণ ও রোমাঞ্চকর এক জয় দিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো ওমান। বৃহস্পতিবার নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো ওমান। পাশাপাশি এই জয়ের ফলে আগামী চার বছরের জন্য তারা আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার যোগ্যতা লাভ করে।
মূলত জিসান সিদ্দিকীর দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই দারুণ এক জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের টিকেট পেল মরুর দেশ ওমান। ১৯তম ওভারের শেষ বলে লং অফ দিয়ে দুর্দান্ত এক চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন জিসান। শেষ পর্যন্ত ৩২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।
বৃহস্পতিবার ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে নামিবিয়া। নামিবিয়ার হয়ে স্টেফান বার্ড ৬২ ও রেমন্ড ফন স্কোর ৩৪ রান করেন। ওমানের হয়ে মুনিস আনসারি ৩টি এবং অজয় লালচেতা ২টি উইকেট লাভ করেন।
জবাবে জিসান সিদ্দিকীর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে। জিসান ৩২ বলে ৫১ ও জতিন্দর সিং ৩১ বলে ৩৩ রান করে দলের জয়ে অবদান রাখেন।
প্রসঙ্গত, এর আগে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও হংকং আগামী বছরের টি-২০ বিশ্বকাপে খেলার টিকেট পায়। বৃহস্পতিবার টিকেট নিশ্চিত করে আফগানিস্তান ও ওমান। ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে আইসিসির পূর্ণ ১০ সদস্য দেশের সঙ্গে সহযোগী এই ছয় দেশ অংশ নিবে।

