স্পোর্টস ডেস্ক : অধিনায়ক মিসবাহ-উল-হক এবং প্রধান কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে বিষোদগার করার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিনিয়র খেলোয়াড় ইউনিস খানের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। নির্বাহী কমিটির প্রধান এবং গত বছর আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানো নাজাম শেঠি জানিয়েছেন, ইউনিস কিছু বাঁকা কথাবার্তা বলেছেন।
তবে বোর্ড তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার চিন্তা করছে না, ‘আমি তার মন্তব্য শুনেছি। তবে আমি মনে করি, এ ব্যাপারে আমাদের আরও পরিণতিবোধের পরিচয় দেওয়া প্রয়োজন। ইউনিস একজন সিনিয়র খেলোয়াড়। সে ভালো খেলছে। একজনের মধ্যে কিছু ব্যাপারে হতাশা কাজ করতে পারে। আমাদের দরকার সামনের দিকে এগিয়ে চলা।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউনিস বলেছেন, তিনি এখনও ওয়ানডে চালিয়ে যেতে পারেন। আকারে-ইঙ্গিতে সাবেক অধিনায়ক কাঠগড়ায় তুলেছেন বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক এবং কোচ ওয়াকার ইউনিসকে। ইউনিসের ভাষায়, ‘আমি জানি না, শ্রীলংকায় চতুর্থ ইনিংসে ১৭৭ রান না করলে কী ঘটতো। খুব সম্ভবত, বাদ পড়ে যেতাম। কিন্তু একজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে এরকম আচরণ করা ঠিক নয়। তাদের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করা দরকার। আমি সবসময়ই পাকিস্তানের হয়ে সেরাটা দিতে চাই।’
ইউনিসের মনে হচ্ছে, নির্বাচকরা তাকে ওয়ানডে থেকে বাদ দিয়ে ঠিক করেননি। ওই সাক্ষাৎকারে তিনি জানান, সুযোগ পেলে পাকিস্তানকে নেতৃত্বও দিতে চান। এ ব্যাপারে শেঠির মন্তব্য, ‘এ নিয়ে সে সিদ্ধান্ত নিতে পারে না। এটা নির্বাচক এবং টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। যদি তাকে তাদের প্রয়োজন মনে হয়, সে খেলবে।’
সাবেক পিসিবি চেয়ারম্যান মনে করেন, ইউনিস এবং মিসবাহ দু’জনই পরিণত মানুষ। পাকিস্তান ক্রিকেটে তাদের অনেক অবদান। এ কথা বলে শেঠি মূলত ব্যাপারটি এখানেই শেষ করতে চাইছেন।

