বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘আরো ভালোবাসবো তোমায়’। আগামী ১৪ আগস্ট চলচ্চিত্রটি সারাদেশে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করে এ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘ ২০০৮ সালের পর আমি কোনো ছবি নির্মাণ করিনি। দীর্ঘদিন পর একটি ছবি নির্মাণ করলাম। ছবিটি ঈদে মুক্তি দেয়ার ইচ্ছা ছিলো কিন্তু প্রস্তুতির অভাবে তা আর হয়ে ওঠেনি। কিছু কাজ বাকি থাকায় মুক্তির সময় পেছানো হয়েছিল। এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
তবে কয়টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে এ প্রসঙ্গে এখনো নিশ্চিত করে বলতে পারেন নি এ নির্মাতা। অলিক বলেন, এখন নির্দিষ্ট করে প্রেক্ষাগৃহের সংখ্যা বলতে পারবো না। সবেমাত্র মুক্তির তারিখ ঠিক করলাম।’
ছবিটি মুক্তি পাওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি বিশ্বাস করি আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এবারের ঈদের তিনটি ছবিরই হল রিপোর্ট আমি জানি। এখন আমার কাছে মনে হয়েছে ঈদের এ ছবির জোয়ারে আমার ছবিটি মুক্তি না পেয়ে ভালোই হয়েছে।’
‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও পরীমনি। এ ছবিতে পরীমনি অভিনয় করছেন রক্ষণশীল পরিবারের এক মেয়ের ভূমিকায়। পরিবারের নানা অনুশাসনের ফাঁক গলে পরী ঠিকই চুটিয়ে প্রেম করেন শাকিবের সঙ্গে। অন্যদিকে শাকিব খান মনে করেন, চলচ্চিত্রটিতে তার ব্যক্তিজীবনের কিছু অংশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
রাজধানী ঢাকাসহ সিলেট ও রাঙ্গামাটির মনোরম লোকেশনে ছবিটির চিত্রধারণ করা হয়। চলচ্চিত্রটিতে অতিথি চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা ববি। বিশেষ চরিত্রে অভিনয় করেন সোহেল রানা ও চম্পা। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান।

