স্পোর্টস ডেস্ক : অবশেষে মাঠে গড়ানোর অপেক্ষায় জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। গত ১৮-২৩ মে ৬৪ জেলার ৬টি ভেন্যুতে ৩৪ দলের অংশগ্রহণে হয়েছে প্রাথমিক পর্ব। সেখান থেকে মোট আটটি দল (ছয় গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স আপ) নিয়ে আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে চূড়ান্ত পর্ব।
গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে। সেমিফাইনাল ও ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
ক গ্রুপে রয়েছে, ময়মনসিংহ, সাতক্ষীরা, খুলনা, দিনাজপুর জেলা। খ গ্রুপে রয়েছে, নারায়ণগঞ্জ, রংপুর টাঙ্গাইল ও রাজশাহী জেলা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাফুফে মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন বলেন, ‘ এই আসরের মূল উদ্দেশ্য ভালো খেলোয়াড় খুঁজে বের করা। এখান থেকেই ভবিষ্যতে মহিলা জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের মহিলা ফুটবল কমিটির সদস্য মাহবুবা করিম মিনি, আয়েশা জামান খুকি, লাজুল করিম কস্তুরি ও নাসরি আক্তার বেবি।
এই টুর্নামেন্টে আর্থিক সহায়তা করছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। তারা দিয়েছে প্রায় ৩০ হাজার ডলার।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার ও রানার্স আপ দল পাবে ২৫ হাজার টাকা।
২৫ জুলাই বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে বেলা ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ-দিনাজপুর জেলার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে চূড়ান্ত পর্বের খেলা। একই দিন বিকাল ৪টা ২০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাতক্ষীরা ও খুলনা জেলা।
৩১ তারিখ দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে আগামী ২ আগষ্ট।

