স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দল ঘোষণায় চমক উপহার দেয় লংকান বোর্ড। এতে নতুন পাঁচজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
শ্রীলংকা দলে জায়গা পাওয়া নতুন পাঁচ খেলোয়াড় হলেন- পেসার বিনুরা ফার্নান্দো, লেগ-স্পিনার জেফ্রে ভেন্দারসে এবং তিন ব্যাটসম্যান সিহান জয়াসুরিয়া, দাসুন সানাক ও ধনঞ্জয় ডি সিলভা।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকলেও দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নেকে টি-২০ দলে অন্তর্ভূক্ত করা হয়নি। ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা নুয়ান কুলাসেকারাকে টি-২০ দলে নেয়া হয়েছে। অন্যদিকে ২০১২ সালের জুনে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-২০ খেলা চামারা কাপুগেদারাকে দলে নেয়া হয়েছে।
শ্রীলংকার প্রধান নির্বাচক কপিলা উইজেগুনাবর্ধনে বলেন, ‘আমাদের দলে তরুণ শক্তির একান্ত প্রয়োজন, যারা আগামী ওয়ার্ল্ড টি-২০ এবং ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে আমরা একটি শক্তিশালী দল গঠনের জন্য তরুণদের প্রাধান্য দিয়েছি।’
পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজের ম্যাচ দুটি আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শ্রীলংকার টি-২০ দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কিথরুয়ান ভিনাতেগে, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন সানাক, চামারা কাপুগেদারা, সিহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, জেফ্রে ভেন্দারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান কুলাসেকারা, চতুরঙ্গ ডি সিলভা ও মিলিন্দা শ্রীবর্ধনে।

