স্পোর্টস ডেস্ক : আর্তুরো ভিদাল জুভেন্টাস ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়নরা। আনুষ্ঠানিক কথাবার্তা শেষে এখন শুধু চুক্তি সই এবং মেডিক্যাল পরীক্ষা বাকি রয়েছে। বৃহস্পতিবার বায়ার্নের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্তুরো ভিদালের সঙ্গে চুক্তির বিষয়টি জানায়। তখন থেকেই চিলিয়ান এই তারকার বায়ার্নে যোগ দেয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
এক সপ্তাহ পর বায়ার্নের সিইও কার্ল হেইঞ্জ জানান, চুক্তির যাবতীয় আলোচনা জুভেন্টাস ও আর্তুরো ভিদালের সঙ্গে সম্পন্ন হয়েছে। মেডিক্যাল ও আনুষ্ঠানিক চুক্তি সই শেষে আগামী এক সপ্তাহের মধ্যে এই চিলিয়ান তারকা বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিবেন বলে তিনি জানান।
চীনে গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বায়ার্নের সিইও কার্ল হেইঞ্জ বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, জুভেন্টাস ও ভিদালের সঙ্গে (বায়ার্ন মিউনিখ) আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে। শুধু মেডিক্যাল পরীক্ষা ও আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর বাকি রয়েছে। সব কিছু ঠিকঠাক মতোই চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সে আমাদের দলের সঙ্গে যোগ দিবে।’
বাস্তিয়ান শোয়েন্সটাইগার আলিয়াঞ্জ অ্যারেনা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর থেকেই চিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার আর্তুরো ভিদালের দিকে চোখ দেয় বায়ার্ন মিউনিখ। ২০১১ সালেও একবার আর্তুরো ভিদালকে দলে নেয়ার চেষ্টা চালায় বায়ার্ন মিউনিখ। তবে সেবার বায়ার লেবারকুসেন ছেড়ে বায়ার্নের পরিবর্তে জুভেন্টাসকে বেছে নেন চিলিয়ান তারকা।

