তথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের চেয়ে আইফোনের জনপ্রিয়তা বেশি বলে দাবি করেছেন অ্যাপলেরর সিইও টিম কুক। তিনি জানান, অ্যানড্রয়েডে সন্তুষ্ট না হয়ে অনেকেই আইফোন ব্যবহার করা শুরু করেছেন।
২০১৫ সালের অর্থ বছরের থার্ড কোয়াটারে আইফোন বিক্রির সাফল্যের পর টিম কুক এই মন্তব্য করেন। টিম বলেন, ‘অ্যানড্রয়েড ব্যবহারকারীরা দ্রুতই আইফোনের দিকে ঝুঁকছে। ফলে আইফোনের বিক্রিও বেড়েছে।’
টিম জানান, আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস অ্যানড্রয়েডের চেয়ে অনেক উন্নত। এছাড়া, আইফোনের বড় আকারের ডিসপ্লের কারণেও ব্যবহারকারীদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে আইফোন।
টিম এও বলেছেন, শুধু অ্যানড্রয়েড ব্যবহারকারীদের আইফোনের দিকে ঝোঁকার কারণেই আইফোনের জনপ্রিয়তা বাড়েনি। অনেক আইফোন ব্যবহারকারী তাদের পুরনো ফোন বদলে নতুন আইফোন কিনছেন। অন্যদিকে অনেক স্মার্টফোন ব্যবহারকারীদের প্রথম পছন্দ আইফোন।
তবে কোন তথ্যের ভিত্তিতে টিম এসব কথা বলেছেন সেটা পরিস্কার করেননি।

