বিনোদন ডেস্ক : ৬৮ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত এবং ফিপ্রেসি অ্যাওয়ার্ড জেতা ভারতীয় ছবি ‘মাসান’ বিকল্প ধারা ছবির অভিনেত্রী রিচা চাড্ডার কথা মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা বলে জানান নির্মাতা নীরজ ঘাওয়ান।
জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর গত ২০ জুলাই মুম্বাইয়ে হয়ে গেল নীরজ ঘাওয়ানের চলচ্চিত্র ‘মাসান’-এর বিশেষ প্রদর্শনী। আর প্রদর্শনীটিতে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীরা। প্রদর্শনের পর ছবিটি নির্মাণের আদ্যোপান্ত বলেন নির্মাতা নীরজ ঘাওয়ান। আর সেখানেই তিনি স্বীকার করেন যে, ছবিটিতে ‘দেবী’ চরিত্রটি বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার কথা মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করেছেন।
নির্মাতার এমন প্রতিক্রিয়ায় বেশ আনন্দিত অভিনেত্রী রিচা চাড্ডাও। তিনি এরজন্য নীরজকে বিশেষ ধন্যবাদ জানান। এর আগে নীরজ ঘাওয়ান ভারতের অন্যতম মেধাবী নির্মাতা অনুরাগ কাশ্যপের জনপ্রিয় ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ এর সহকারি নির্মাতা ছিলেন।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসার পর এবার বলিউডেও মুক্তি পেতে যাচ্ছে কান চলচ্চিত্র বিজয়ী ছবি ‘মাসান’। চলতি মাসের ২৪ তারিখে ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

