স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ইয়ান বেলের ব্যাটে রান নেই। সর্বশেষ ১২ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি, সেঞ্চুরি নেই সর্বশেষ ৭টি টেস্টে। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে তাই ইয়ান বেল শেষ সুযোগ পাচ্ছেন বলে মনে করেন জিওফ বয়কট। সাবেক এই ইংলিশ ওপেনারের মতে, এজবাস্টন টেস্টে রান করতে না পারলে দলে জায়গা হারাবেন বেল।
জনি বেয়ারস্ট্রর পরিবর্তে গ্যারি ব্যালান্স দলে অন্তর্ভূক্ত হওয়ার পর ইয়ান বেল তিন নম্বর পজিশনে ব্যাট করছেন। তবে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তিনি।
মঙ্গলবার বিবিসি রেডিও-৫ কে দেয়া এক সাক্ষাৎকারে জিওফ বয়কট বলেন, ‘তারা এমন একজনকে দলে বয়ে বেড়াতে পারে না যে ব্যাটে রান পাচ্ছে না।’
এদিকে রানে নেই গ্যারি ব্যালান্সও। এজন্য ব্যালান্সের পরিবর্তে এজবাস্টন টেস্টের ১৩ সদস্যের দলে ঢুকেছেন ইয়র্কশায়ার ব্যাটসম্যান জনি বেয়ারস্ট্র। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচটি সেঞ্চুরি করেছেন বেয়ারস্ট্র। দারুণ এই পারফরম্যান্সের জন্য তাকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।
ওয়ারউইকশায়ারের ব্যাটসম্যান ইয়ান বেল ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। ইংল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ২২টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪৩.১৮ গড়ে ৭ হাজার ৪২৭ রান করেন বেল। তবে সম্প্রতি ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না তিনি। সর্বশেষ ৮ ইনিংসে ১১২ রান করেন বেল। দলের সিনিয়র খেলোয়াড় হওয়ায় বেলকে দায়িত্ব নিয়ে খেলতে হবে জানান জিওফ বয়কট।
জিওফ বয়কট বলেন, ‘যদি আপনি ১০০ টেস্টের বেশি খেলেন, তবে আপনাকে তিন নম্বর পজিশনে বেশ দায়িত্ব নিয়ে খেলতে হবে। তিন নম্বর পজিশনে আপনাকে ওপেনারের মতো দায়িত্ব নিয়ে খেলতে হবে। ইংল্যান্ড এখন যেভাবে খেলছে তাতে করে তাদের জন্য তিনজন ওপেনার লাগবে। বেলকে সেই দায়িত্ব নিতে হবে এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে এবং দলের জুনিয়র খেলোয়াড়দের সাহায্য করতে হবে।’

