স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দারূণ খেলছেন তামিম ইকবাল। শুরু থেকেই স্বাচ্ছন্দে খেলতে থাকা এই টাইগার ওপেনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারূণ এক হাফ সেঞ্চুরি তুলে নিলেন। ক্যারিয়ারের ১৮তম এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের এটি প্রথম ফিফটি।
সিমন হার্মারের বলকে কাভারে ঠেলে দিয়ে সিঙ্গেলস নিয়ে ক্যারিয়ারের ১৮তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। ১২০ বলে মাত্র ২টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল।
দলীয় ৪৬ থেকে ৫৫- এই ৯ রানের মধ্যে ইমরুল কায়েস ও মুমিনুল হককে হারিয়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে থাকা তামিম তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনার পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে ফিফটি করার পর আর নিজের ইনিংসটি দীর্ঘায়িত করতে পারেননি তামিম। ৫৭ রান করে ডিন এলগারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

