স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ব্যাটিংয়ে নির্ভরতার আরেক নাম মাহমুদুল্লাহ রিয়াদ। সেটা টেস্ট হোক কিংবা ওয়ানডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের প্রয়োজনের মুহূর্তে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিলেন এই টাইগার অলরাউন্ডার।
ডেল স্টেইনের করা ১২তম ওভারের তৃতীয় বলে দুর্দান্ত এক চার মেরে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১০৯ বলে ৭টি চারের সাহায্যে তিনি ফিফটি করেন।
দলীয় ৪৬ থেকে ৫৫- এই ৯ রানের ব্যবধানে ইমরুল কায়েস ও মুমিনুল হক ফিরে গেলে বেশ চাপে পড়ে বাংলাদেশ। দলের এই বিপদের মুহূর্তে তামিম ইকবালকে নিয়ে দারূণ এক জুটি গড়ে দলকে টেনে তোলার পাশাপাশি হাফ সেঞ্চুরি আদায় করে নেন তিনি।
ফিফটি করার পরও দুর্দান্ত খেলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ভারনন ফিল্যান্ডারের বলের ফ্লাইট মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

