বিনোদন ডেস্ক : ভারতে পরীক্ষা-নিরিক্ষাধর্মী চরিত্রে অভিনয়ের জন্য এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটির নাম ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ঢামাডোলের মধ্যে ১৩ জুলাই ইউটিউবে মুক্তি পেল তার আসন্ন ছবি ‘মানঝি: দ্য মাউন্টেইন ম্যান’-এর ট্রেলার। আর সেখানে যথারীতি ভিন্নরূপেই দেখা মিলল তার।
জানা গেছে, ১৩ জুলাই সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পেয়েছে কেতন মেহতা পরিচালিত নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং রাধিকা আপ্তে অভিনীত আসন্ন ছবি ‘মানঝি: দ্য মাউন্টেইন ম্যান’-এর ট্রেলার। ছবিটির কথা এর আগে খুব একটা শোনা না গেলেও হুট করেই ট্রেলার মুক্তি দেন কেতন।
সত্য কাহিনী অবলম্বনে ‘মানঝি- দ্য মাউন্টেইন ম্যান’ ছবিটির কাহিনী গড়ে উঠেছে। ১৯৫০ এর দশকের ভারতে ফাগুনিয়া দশরথের স্ত্রী পাহার থেকে পরে গিয়ে মৃত্যু বরণ করে; আর তার শোক সইতে না পেরে দশরথ একা একা সেই পাহার কেটে রাস্তা নির্মাণ করে ফেলে। ছবিটির পরতে পরতে একটি সত্য কাহিনীই ট্রেলারটিতে ফুটে উঠেছে। ট্রেলারের পুরোটাতেই দেখা যায় কেন্দ্রীয় চরিত্র নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সেখানে তার স্ত্রী হিসেবে আছেন রাধিকা আপ্তে। প্রকৃতপক্ষে ২ মিনিট ৪৬ সেকেন্ডের ট্রেলারটিই যেন একটি গল্প বলে।
উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘মানঝি দ্য মাইন্টেইন ম্যান’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২১ আগস্ট। চলতি বছরে এটি তার দ্বিতীয় ছবি। এর আগে আসছে ঈদ উপলক্ষে ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ছবিটিতে নওয়াজউদ্দি ছাড়াও আছেন সালমান খান ও কারিনা কাপুর।

