স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে দুই বছর নিষিদ্ধ হওয়ায় মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিনদের আইপিএল ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আইপিএলের নবম সংস্করণে এই তারকা ক্রিকেটাররা কি খেলতে পারবেন? উত্তর খুঁজছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী। চেন্নাই নিষিদ্ধ হওয়ায় নিজের শহর রাঁচির হয়ে ধোনিকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েও জুয়াড়িদের সঙ্গে যুক্ত থাকায় মঙ্গলবার গুরুনাথ মায়াপ্পন ও রাজ কুন্দ্রাকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন। পাশাপাশি দু’টি ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
কিন্তু রায়ে বলা হয়, দুই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা নির্বাসনের আওতায় পড়বে না। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে বাধা নেই ধোনি-রায়নাদের। অথবা সিএসকে ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি দু’টির হাতবদল হলেও আইপিএল নাইনে খেলতে বাধা নেয় ধোনিদের।
কিন্তু ফ্র্যাঞ্চাইজি বিক্রির পথে না-হেঁটে লোধা কমিশনের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর কথা ভাবছে সিএসকে-র মালিকপক্ষ ইন্ডিয়া সিমেন্টস। ফলে আইপিএল নাইনে চেন্নাইয়ের হয়ে ধোনির খেলা অসম্ভব। আইপিএল-এর অচলাবস্থা কাটাতে রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে বোর্ড।
বোর্ড সূত্রের খবর, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির কথা ভাবচ্ছে বিসিসিআই। গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেন, ‘লোধা কমিশনের রায়ে আমরা প্রাথমিকভাবে চোখ বুলিয়েছি। কিন্তু রোববার মুম্বাইয়ে মিটিংয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বোর্ড সূত্রে জানা যায়, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির কথাও ভাবছে বিসিসিআই। এক্ষেত্রে আলোচনায় আছে- পুণে, কোচি, রাঁচি আহমেদাবাদ, ইন্দোর, রায়পুর ও কানপুর। পুণে ও কোচি এর আগে আইপিএল খেলেছে। কিন্তু আইপিএল-এর নিয়মলঙ্ঘন করায় এই দু’টি ফ্র্যাঞ্চাইজিকে বরখাস্ত করে বিসিসিআই। নতুন শহরের দল হিসেবে উঠে আসছে আহমেদাবাদ ও রাঁচির নাম।
শোনা যাচ্ছে, আইপিএল-এ নতুন দল কিনতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন বিজনেস টাইকুন। লন্ডনে প্রবাসি ভারতীয় লক্ষ্ণী মিত্তাল, সজ্জন জিন্দাল, গৌতম আদানি, দক্ষিণ আফ্রিকা প্রবাসি অজয় গুপ্তা এবং হিরো গ্রুপ।
সুতরাং আইপিএল-এ রাঁচির জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সব বিজনেস টাইকুনদের মধ্যে কয়েক জন রাঁচির ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ দেখিয়েছেন। চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচ হিসেবে গত কয়েক বছরে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে ধোনির শহরে। যার জনপ্রিয়তাও ছিল প্রচুর। তাই আইপিএল নাইনে রাঁচির হয়ে ধোনিকে খেলতে দেখতে অবাক হওয়ার কিছু থাকবে না।

