স্পোর্টস ডেস্ক : টস হেরে শুরুতে বোলিং করতে নামতে হলো বাংলাদেশকে। তবে তাতে কোন সমস্যা নেই। মুস্তাফিজের মত পেসার রয়েছে বাংলাদেশ দলে। আছেন রুবেল, মাশরাফির মত পেসার। একই সঙ্গে সাকিব, নাসির কিংবা মাহমুদুল্লাহর মত স্পিনার। মুস্তাফিজকে দিয়েই আক্রমণ শুরু করালেন মাশরাফি। প্রথম ওভারে বিস্ময়কর এ পেসার দিলেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড করে দিলেন কুইন্টন ডি কককে।
মাত্র ৮ রানেই উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের বিপর্যয়কে একই ওভারে আরও বাড়িয়ে তুলতে পারতেন মুস্তাফিজ। শুধু একটি ভুলের কারণে। ভুলটা মুস্তাফিজের চেয়ে মুশফিকেই বেশি। মুশফিক আবেদন করলেই হয়তো উইকেটটি পেয়ে যেতো বাংলাদেশ।
মুস্তাফিজের দ্বিতীয় ওভারের শেষ বলে প্রোটিয়া ব্যাটসম্যান ছিলেন হাশিম আমলা। তার হালকা লাফিয়ে ওঠা বলটি প্রচণ্ড গতিতে গিয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। আমলা কাট করতে গিয়েও ব্যাট ছোঁয়াতে পারলেন না। স্লিপে দাঁড়িয়ে ক্যাচের আবেদন করেছিলেন সৌম্য সরকার। উইকেটরক্ষক মুশফিক কিংবা বোলার মুস্তাফিজ কেউ আবেদন করলেন না।
মাশরাফিকে দেখা গেলো বেশ অসন্তোষ প্রকাশ করতে। পরে রিপ্লেতে দেখা গেছে, বলটি ব্যাটের কানা ছুঁইয়ে গেছে। বার কয়েক রিপ্লে দেখানো হলো বলটি। বলের গতির কারণে অনেক পেছনে থাকা মুশফিক হয়তো ব্যাটে লাগার আওয়াজটা শুনতে পাননি। ফলে বেঁচে যান আমলা, বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ পর্যন্ত ৩৫ বলে ১৫ রান করে সাকিবের বলে মুশফিকের হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান আমলা।

