ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুবেলের উপর বিশ্বাস রাখতে বললেন আকরাম

Link Copied!

rubelস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তান-ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর পর কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টি-২০ সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও হেরে বসে মাশরাফি বিন মর্তুজার দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
২০০৭ বিশ্বকাপের পর দ্বিতীয়বার মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে বধ করলো বাংলাদেশ। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক আকরাম খান। একটি স্যাটেলাইট টেলিভিশনে রোববার তিনি বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক ভালো ফিল্ডিং করেছে। প্ল্যান করে খেলেছে। প্রত্যেক খেলোয়াড় নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। বোলাররা এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে।’
আগের ম্যাচে সুবিধা করতে না পারলেও এ ম্যাচে স্বরূপে ফেরেন বাংলাদেশের তরুণ-তুর্কি মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে আকরামের মন্তব্য,‘সব ম্যাচেই উইকেট পাওয়া ডিফিকাল্ট। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা মুস্তাফিজের বল অফ সাইডে খেলার চেষ্টা করেছে। আমাদের ক্যাপ্টেনও শর্ট কভারে ফিল্ডার রেখেছিল। সেখানে আউটও হয়েছে।’ এরপর যোগ করেন,‘ আগে বাংলাদেশের সঙ্গে খেলতে প্রতিপক্ষ একজন বোলারের কথা চিন্তা করতো, এখন দুজন বোলারের কথা চিন্তা করছে।’
বাংলাদেশ এক ম্যাচ হেরে গেলেই এখন সব শেষ হয়ে যাচ্ছে না জানিয়ে আকরাম বলেন,‘ একটা-দুটো ম্যাচ হারলেই আমরা হতাশ হয়ে যাই। এটা কিন্তু ঠিক না। এই দলটা এখনকার দল নয়, সাত-আট বছর আগের। বাংলাদেশ কেন বাড়তি সুবিধা পাচ্ছে, যারা ২০০৭ বিশ্বকাপ খেলেছে তারা এখন পারফর্ম করছে।’
তরুণরা এক-দু ম্যাচ খারাপ খেললেই ছুরে ফেলা ঠিক নয়, বরং আরও সুযোগ দেওয়া উচিৎ। আকরামের ভাষায়,‘লিটনের কথা যদি বলি, ও কিন্তু তরুণ। ওর ভুলগলো যদি আমরা ধরি তাহলে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় যারা তরুণ ওদের সময় দেওয়া উচিত।’
ব্যাটিং কী বোলিং দুই জায়গাতেই পারফর্ম করে যাচ্ছেন নাসির হোসেন। সাবেক বাংলাদেশ অধিনায়ক তাকে বোলার বলবেন না ব্যাটসম্যান বলবেন সেটা নিয়েই দ্বিধায়! তিনি বলেন,‘নাসিরকে বোলার বলবো না ব্যাটসম্যান বলবো… ও আসলে চ্যাম্পিয়ন খেলোয়াড়। যখন যেটা দরকার ও সেটাই করছে। যখন বোলিং দরকার তখন বোলিং করছে, যখন ব্যাটিং তখন আবার ব্যাটিং। আবার সে সেরা ফিল্ডারও। দলে এরকম একট-দুটো খেলোয়াড় থাকলে ওয়ানডে দলের চেহারা চেঞ্জ হয়ে যায়।’
আকরাম এদিন বলে দিলেন, রুবেলকে বাদ না দিয়ে তার উপর বিশ্বাস রাখতে। তাহলেই সে একদিন নামকরা বোলার হয়ে উঠবে, ‘রুবেলের ব্যাপারে বলতে চাই আমরা কিন্তু ওর উপরে বিশ্বাস রাখছি না। ভালো খেললে পরের ম্যাচে রাখা হবে। তার পরের ম্যাচ খারাপ খেললে ওকে বাদ দেওয়া হবে, যেটা উচিত নয়। এখন ফাস্ট বোলিংয়ে আমাদের সম্পদ মুস্তাফিজুর রহমান এবং রুবেল। রুবেলের হাতে এক্সট্রা অর্ডিনারি ডেলিভেরি আছে। ওকে ভালোভাবে নার্সিং করলে একদিন নামকরা বোলার হবে।’