স্পোর্টস ডেস্ক : টেনিসের বিশ্বকাপ বলুন আর সবচেয়ে মর্যাদার আসর- যাই বলুন, উইম্বলডন যে কোন টেনিস তারকার কাছেই স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নই জয় করে নিলেন ভারতের সানিয়া মির্জা। সাবেক নাম্বার ওয়ান মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে বেশ কিছুদিন ধরেই সাফল্যের ঘোড়া ছুটিয়ে চলছেন সানিয়া। ধারাবাহিকতা ধরে রাখলেন উইম্বলডনেও। নারীদের ডাবলসে হিঙ্গিসকে নিয়ে জিতে গেলেন উইম্বলডন গ্র্যান্ড স্লাম। ভারতে নিশ্চিত এটা একটা ইতিহাস।
রাশিয়ান জুটি একাতেরিনা মাকারোভা ও এলিনা ভেসলিনাকে হারিয়ে স্বপ্ন পূরণ করলেন সানিয়ারা। ৫-৭, ৭-৬ (৭-৪) ও ৭-৫ সেটে প্রতিপক্ষকে পরাজিত করেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। প্রথম সেটে হেরে যাওয়ার পরেও পরের দুটো সেট জিতে চ্যাম্পিয়ন হন সানিয়ারা।এর আগে তিনবার মিক্সড ডাবলস শিরোপা জিতেছেন তবে কখনও মেয়েদের ডাবলস শিরোপা জিততে পারেননি সানিয়া। এবার সে স্বপ্নও পূরণ হলো তার।

