স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এই মুহূর্তে বড় তিনটি নাম ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো এবং সুনিল নারিন। দীর্ঘ সময় ধরে তারা উইন্ডিজ টেস্ট দলের বাইরে। এই ত্রয়ী যদি আবার টেস্ট দলে ফেরেন তাহলে তাদের স্বাগতই জানাবেন টেস্ট অধিনায়ক দিনেশ রামদিন।
বিশ্বজুড়ে টি-২০ টুর্নামেন্টগুলোতে গেইল থাকা মানে আকর্ষণ বহুগুন বেড়ে যাওয়া। তাছাড়া অর্থের ঝনঝনানি তো আছেই। আর সেই মোহ থেকে বেরোতে পারছেন না গেইলও। তাইতে গোটা ক্রিকেট দুনিয়ায় টি-২০ ক্রিকেটকে ফেরি করে বেড়াচ্ছেন তিনি। কখনোও আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, কখনোও আবার টি-২০ ব্লাষ্টে খেলছেন। এখন যেমন খেলছেন স্বদেশের মাটিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
অলরাউন্ডার ব্রাভো উইন্ডিজের হয়ে সাদা পোশাক গায়ে জড়িয়েছিলেন তাও প্রায় পাঁচ বছর হতে চললো। সুনিল নারিন সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৩ সালের ডিসেম্বরে। সম্প্রতি সিপিএলে নাম লেখানো রামদিন জানিয়ে দিয়েছেন, তিনি বা অন্য যে কোনো খেলোয়াড় উইন্ডিজ দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে কোনো ইস্যু বাধা হবে না।
৩০ বছর বয়সী রামদিনের ভাষায়, ‘ক্রিস (গেইল) এবং ডোয়াইনের বিশাল অভিজ্ঞতা আছে। আমি সব সময়ই তাদের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে স্বাগতম জানাবো।’ এরপর যোগ করেন,‘ সুনিল বিশ্বমানের একজন বোলার। আপনি যদি সিপিএলের পূর্বের কয়েকটি ম্যাচ দেখেন তাহলে দেখবেন এখনও তার বোলিং কত উঁচুতে।’
টেস্ট ক্রিকেটে সাধারণত সাত নম্বরে ব্যাটিং করেন রামদিন। অধিনায়ক হয়ে এত নিচে কেন ব্যাট করেন এদিন তার ব্যাখাও দিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘টেস্ট ম্যাচে আমার সব সময় লক্ষ্য থাকে সাত নম্বরে নেমে ৪৫-৬৫ রান করা। এটা লোয়ার অর্ডারদের সঙ্গে জুটি গড়তে সাহায্য করে। যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ।’


