স্পোর্টস ডেস্ক : বৃষ্টির শংকা উড়িয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-দ.আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রোটিয়াদের হয়ে অভিষেকেই আগুন ঝড়াচ্ছেন ক্যাগিসো রাবাদা। নিজের দ্বিতীয় ওভারেই করেছেন হ্যাটট্রিক। সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশের তামিম, লিটন ও মাহমুদুল্লাহকে।
অভিষেক ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক গড়ার প্রথম রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। এরপর দ্বিতীয় বোলার হিসাবে সেই কৃতিত্ব দেখালেন দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা।
৩.৪ ওভারে রাবাদার বলে সরাসরি বোল্ড হন তামিম। ১৩ বল খেলে শুণ্য রান করেন তামিম। পঞ্চম বলে রাবাদা বিদায় করেন লিটন দাশকে (০)। ষষ্ঠ বলে মাহমুদুল্লাহ রিয়াদকে (০) এলবিডব্লিউর শিকার বানিয়ে নয়নকাড়া হ্যাটট্রিক তুলে নেন ২০ বছর বয়সী রাবাদা।
এরপর দেখে শুনে খেলার চেষ্টা করেন সৌম্য ও সাকিব। কিন্তু বেশীদূর না যেতেই সেই রাবাদার আঘাত। ৭.২ ওভারে রাবাদার বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। ২৭ বলে তিনি করেন ২৭ রান (৪টি চার)। রাবাদার উইকেট বেড়ে গিয়ে দাঁড়ায় চারটিতে। আর একটি উইকেট পেলেই অভিষেক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন রাবাদা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১০.৩ ওভারে ৫৬ রান। সাকিব ১৫, মুশফিক ৬ রানে ক্রিজে ব্যাট করছেন।
এই ম্যাচে নিয়মিত একাদশে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেললেও তিনি ছিলেন না ভারতের বিরুদ্ধে। ওয়ানডে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। পেসার একজনই, তিনি মুস্তাফিজুর রহমান। মূলত স্পিনেই জোর দেওয়া হয়েছে।
বৃষ্টির কারণে খেলা হবে কি না, তা নিয়ে ছিল রাজ্যের শংকা। তবে কয়েকদফায় পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা ৫টা ৪০ মিনিটে ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেন। বৃষ্টির কারণে খেলা শুরুতে বিলম্ব হয়েছে। সে কারণে পুরো ৫০ ওভারের ম্যাচ হচ্ছে না। খেলা হবে ৪০ ওভারের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জয় গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে জিতেছে বাংলাদেশই। তবে মাশরাফির আগে ব্যাট করার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে কারো কারো মতে, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ম্যাশ।
সকাল থেকেই হয়েছে থেমে থেমে বৃষ্টি। বিকেল ৩টা ৪৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর গামিনি সিলভা এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এরপর তারা মাঠ-কর্মীদের পিচ কাভারসহ পুরো মাঠের ট্রিপল তুলে নেওয়ার নির্দেশ দেন। পরে মাঠ-কর্মীরা পিচ কাভারসহ পুরো মাঠের ত্রিপল তুলে নেয়।
এরপর বেলা ৪টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামেন ম্যাচের দুই আম্পায়ার। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে ম্যাচের ভাগ্য-নির্ধারণের জন্য ফের ৪টা ৪৫ মিনিটে দ্বিতীয়বার পর্যবেক্ষণের জন্য সময়-বেধে দেন দুই আম্পায়ার। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দেন দুই আম্পায়ার।
বেশ কয়েক দিন ধরেই অব্যাহত রয়েছে আষাঢ়ের মৌসুমি বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দুই ম্যাচ বৃষ্টির বাগড়া ছাড়াই সম্পন্ন হয়েছে। তবে টানা দুই দিনের বৃষ্টিতে শুক্রবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটির খেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই ব্যবস্থা নেই।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন দাশ, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান।

