ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও অনেক দূরের ব্যাপার ’

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ দু’টি দল হিসেবে জায়গা করে নিতে ওয়ানডে র‌্যাংকিংয়ে নিচের দিকের দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে থাকা বাংলাদেশের সঙ্গে অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে চলছে সমীকরণের জটিল লড়াই। তবে, বিশ্বকাপের পর ঘরের মাঠে পরপর দু’টি সিরিজ জেতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রায় নিশ্চিত করে  ফেলেছে।
আইসিসির পাঠানো গত ৮ জুলাই সর্বশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার নিশ্চয়তার খবর পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলের সামনেই যেহেতু রয়েছে আরও একটি করে ওয়ানডে সিরিজ, তাই এ সিরিজের ফলাফল প্রভাব ফেলতে পারে দল দু’টির ভবিষ্যৎ র‌্যাংকিংয়ে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ মাশরাফি বিন মর্তুজা। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও অনেক দূরের ব্যাপার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি নিয়ে ভাবতে চান ম্যাশ শিবির।
গত দু’টি সিরিজে পাকিস্তান ও ভারতের জিতে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৮৮ এবং পাকিস্তন ৮৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে রয়েছে। ২০১৭ সালে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেবল সাতটি দেশের সঙ্গে স্বাগতিক দেশ হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে ইংল্যান্ড।
স্বাগতিক ইংল্যান্ডসহ র‌্যাংকিংয়ের প্রথম ছয়টি দেশের টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিশ্চিত। পয়েন্ট ব্যবধান কম হওয়ায় এবং হাতে সিরিজ থাকায় সমীকরণটা কষতে হচ্ছে পাকিস্তানকেই। আর তাদের ফলাফলের দিকে তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ।
তবে সম্প্রতি র‌্যাংকিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এলেও দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে এতে ভিন্ন চিত্র দেখা দিতে পারে। অন্যদিকে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ফলাফলের প্রভাবও পড়বে র‌্যাংকিংয়ে। তাতে করে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে দেখা দিতে পারে সংশয়।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি এখনো অনেক দূরের ব্যাপার। কালকের ম্যাচ নিয়ে চিন্তা করা উচিত। আমরা যদি ভালো প্রসেসে এগুতে পারি, যেটা আমরা শেষ দুই টি২০ করতে পারিনি এবং শেষ ওয়ানডেতেও হয়নি। আমাদের নিশ্চিত করতে হবে যেই ভালো কাজগুলো এর আগে করেছি সেই কাজগুলো আবার করতে। হয়তোবা এদের সঙ্গে ধারাবাহিকভাবে ভালো করতে হবে। আমরা আশা করছি কালকের (শুক্রবার) ম্যাচ ভালো করব। এবং আমরা সেটা নিয়েই ভাবছি।’ শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
একটা জয় পেলে বাংলাদেশ দল আবারও দুর্দান্তভাবে সিরিজে ফিরবে বলেই বিশ্বাস করেন মাশরাফি। আর তাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘প্রথমত আমরা খেলোয়াড়রা সব সময় জিততে চাই। আপনারা যারা আছেন এবং দর্শক, সবাই সব সময় জিততে চায়। আমরা যদি শেষ তিনটা ম্যাচের কথা বলি, আমরা প্রসেসের বাইরে গিয়ে বেশি জেতার চিন্তা করেছি। আমার মনে হয় আমরা যদি প্রসেস ঠিক রেখে খেলতে পারি যেটা বিশ্বকাপ ও অন্যান্য সিরিজে করেছি, তাহলে ভালো করতে পারবো। জেতার জন্য বেশি পরিকল্পনা না করে প্রসেস নিয়ে বেশি চিন্তা করা উচিত। তাহলে আবারও জয়ের ধারায় ফিরব আমরা।’