স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ও বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেজ বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসি ভালো খেলোয়াড়। কেননা, মাঠে পর্তুগিজ সুপারস্টারের চেয়ে আর্জেন্টিনা সুপারস্টারের প্রভাব বেশি।
রোনালদো ও মেসি এই দুজনের মধ্যে কে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় তা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই বিতর্ক চলছে এব্ং দুজনই বিতর্ক উসকে দিচ্ছেন। কেননা, প্রতি মৌসুমেই এই দুজন আগের চেয়েও বেশি ভালো খেলছেন।
যাই-হোক, দানি আলভেজ জানান, দলের খেলায় লিওনেল মেসির প্রভাব বেশি। সেই তুলনায় রিয়াল মাদ্রিদ তারকা প্রভাব বিস্তার করতে পারছেন না। আলভেজ আরো জানান, রোনালদো দলের হয়ে গোল করা ছাড়া আর তেমন কিছুই করতে পারছেন না।
বুধবার ব্রাজিলিয়ান এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দানি আলভেজ বলেন, ‘মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি ভালো খেলোয়াড়। খেলায় মেসির স্পষ্ট প্রভাব থাকে, যেটা রোনালদোর থাকে না। দেখুন, গোল করা ছাড়াও সে (মেসি) খেলায় প্রভাব বিস্তার করতে পারে এবং এদিক-সেদিক বল নিয়ে তার মুভ করাটাও ম্যাচে প্রভাব বিস্তার করে।’
এরপর ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেন, ‘মেসি প্রভাব বিস্তারকারী। সে শুধু গোল করে না, অ্যাসিস্টও করে। মেসির মধ্যে ঐশ্বরিক প্রতিভা রয়েছে। ক্রিশ্চিয়ানো কঠোর পরিশ্রম করে এবং সে খেলোয়াড় হিসেবেও অসাধারণ। তবে আমার কাছে মেসিই সেরা। খেলার প্রতি তার (মেসি) আত্মত্যাগ এবং তার প্রতিযোগিতামূলক মনোভাব সত্যিই অসাধারণ।’
এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলভেজ বলেন, ‘আমি কিছু কারণে রোনালদোর উচ্ছ্বসিতভাবে প্রশংসা করতে পারছি না। কেননা, আমি দলের জন্য খেলি এবং আমি নিজের চেয়েও দলকে বেশি বড় মনে করি। আমি মনে করি দলকে নিয়ে তার (রোনালদো) কোনো মাথা-ব্যথা নেই। সে দলের চেয়ে ব্যক্তিগত সাফল্যের দিকেই বেশি মনোযোগী। অনেকেই আমাদের লিগ জয়ের উদযাপন নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু আমরা তাকে (রোনালদো) লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ায় উদযাপন করতে দেখেছি।’
গত মৌসুমের মাঝামাঝিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই ম্যাচে মেসিকে বেঞ্চে বসিয়ে রাখায় কোচ লুইস এনরিকের সঙ্গে আর্জেন্টাইন স্ট্রাইকারের ঝামেলা হয়। তবে সেই ঘটনাকে খুব বড় করে দেখছেন না ব্রাজিলিয়ান তারকা আলভেজ।
তিনি বলেন, ‘দলের উন্নতির জন্য মাঝে মাঝে এমন লড়াই হতেই পারে। সেদিন সে অবশ্য মেজাজ হারিয়ে ফেলে। তবে এটা শুধুই খেলা ও প্রতিযোগিতার স্বার্থে। মেসি অনেক বেশি প্রতিযোগিতামূলক মনোভাবের অধিকারী। সে হারতে পছন্দ করে না। সেদিন হারের কারণেই একটু মেজাজ হারিয়েছিল সে।

