ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনকার ছবিতে অভিনয়ের সুযোগ নেই: সিমলা

Link Copied!

simla-2বিনোদন ডেস্ক : সালটা ১৯৯৯, চিত্রপরিচালক শহিদুল ইসলাম খোকন তার নতুন ছবি ‘ম্যাডাম ফুলি’র জন্য হন্যে হয়ে নায়িকা খুঁজছেন। অবশেষে পাওয়া গেলো সিমলাকে। সমালোচকরা শুরুতে নানান কথা বললেও, মুখে কুলুপ এঁটে ছিলেন ‘ম্যাডাম ফুলি’সহ পুরো ইউনিট। তবে ছবিটি মুক্তির পরপরই চিত্র পাল্টে গেলো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ডাক আসলো সিমলার। ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে এমন স্বীকৃতি লাভের পর অনেকটা মসৃণ পথেই হাঁটার কথা ছিলো এই নায়িকার। কিন্তু নানা ঘাত প্রতিঘাত সহ্য করে ‘ধাওয়া’, ‘না বলো না’, ‘ভেজা বেড়াল’, ‘গঙ্গাযাত্রা’, ‘রূপগাওয়াল’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। কিন্তু গত ১৬ বছরে একটি ছবিও ‘ম্যাডাম ফুলি’র মতো পাহাড় সমান সফলতা এনে দিতে পারেনি সিমলাকে। তাই আবারো পুরনো পথেই হাঁটতে চলেছেন এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাত ‘ম্যাডাম ফুলি’ সিক্যুয়াল নিয়ে দর্শক ও ভক্তদের সামনে হাজির হবেন তিনি।
গত ৫ জুলাই তরুণ নির্মাতা আশিকুর রহমানের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি-২’ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিমলা। এই মূহুর্তে চিত্রনাট্য লেখাসহ ছবির অন্যান্য কাজ চলছে। আসছে নভেম্বর অথবা ডিসেম্বর নাগাত ছবিটির চিত্রধারণের কাজ শুরু হবে।
আবারো ‘ম্যাডাম ফুলি’র চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে জানতে চাইলে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলিতে অভিনয় করার মতো যথেষ্ট জায়গা ছিল। যে কারণে ছবিটি তখন দর্শক প্রিয়তা লাভ করেছিল। অন্যদিকে বর্তমানে যেসব ছবি নির্মিত হচ্ছে তার বেশির ভাগই দর্শক গ্রহণ করছে না। কারণ এখনকার ছবিতে অভিনয়ের সুযোগ নেই। তাই ‘ম্যাডাম ফুলি’র সিক্যুয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকদের জন্য কিছু করতে চাই।’
এদিকে দীর্ঘদিন চলচ্চিত্র জগত থেকে দূরে থাকলেও ২০১৩ সালে ‘রূপগাওয়াল’ ছবি অভিনয়ের মাধ্যমে সিমলার প্রত্যাবর্তন ঘটে। ছবিটি ব্যবসায়িক ভাবে খুব একটা সফল না হলেও, সমালোচকদের দৃষ্টি কাড়তে সমর্থ হয়। সেই ধারাবাহিকতায় পরের বছর মাসুদ পথিকের পরিচালনায় ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নামে একটি অনুদানের ছবিতে অভিনয় করেন। ছবিটি দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়। অন্যদিকে চলতি বছর রশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ ছবিতে প্রথমবারের মতো আইটেম গানের সঙ্গে পারর্ফম করেছেন সিমলা। এছাড়া রুবেল আনুষের পরিচালনায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শিরোনামে আরো একটি চবিতে অভিনয় করছেন।
উল্লেখ্য, ‘ম্যাডাম ফুলি’ ছবিটি নির্মাণ করেছিলেন পরিচালক শহীদুল ইসলাম খোকন। সেই ধারাবাহিকতায় এই ছবিটির সিক্যুয়ালের জন্য নির্মাতা হিসেবে এফডিসিতে নিজের নামও তালিকাভূক্ত করেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি এই মূহুর্তে আর ছবিটি নির্মাণ করতে পারছেন না। তাই তার অনুমতি সাপেক্ষে আশিকুর রহমান নির্মাণ করছেন ‘ম্যাডাম ফুলি-২’।