স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে ফের দুর্ঘটনায় ঝরে গেল আরেকটি প্রাণ। ইংল্যান্ডের সারে’তে স্থানীয় এক লিগে খেলার সময় বুকে বলের আঘাতে প্রাণ হারালেন ২৪ বছর বয়সী শ্রীলংকান তরুণ বাভালান পাথমানাথান।
রোববার ব্রিটিশ তামিল লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে সিডনিতে ব্যাটিং করার সময় বাভালানের বুকে বল আঘাত হানে। এই ঘটনায় সঙ্গে সঙ্গে তাদে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথমানাথানের এক সতীর্থ কলম্বো মিররকে বলেন, ‘তার বুকে বল আঘাত হানার পর আমি নন-স্ট্রাইক প্রান্ত থেকে তাকে ডেকে জিজ্ঞেস করি, সব ঠিক আছে তো, সে আমাকে জানালো হ্যা, ঠিক আছে। একটু পর সে স্ট্যাম্পের একটু পেছনে মাটিতে লুটিয়ে পড়লো।’
২৪ বছর বয়সী বাভালানের মৃত্যুতে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং বাভালানের দল মানিপায় পারিশন স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে সিডনিতে অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগের ম্যাচে ঘাড়ে বল আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটসম্যান ফিলিপ হিউজ। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে এই তরুণ ক্রিকেটার প্রাণ হারান।

