স্পোর্টস ডেস্ক : বুধবার কার্ডিফ টেস্ট দিয়ে শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার অ্যাশেজের লড়াই। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক।
প্রথম টেস্টের দলে ইংলিশ দলে জায়গা হয়নি স্টিফেন ফিন ও আদিল রশিদের। এই দুজনকে দলের বাইরে রাখা হয়েছে। বোলিং অ্যাটাকে তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উডের সঙ্গে রয়েছেন মিডিয়াম পেসার বেন স্টোকস। স্পিন-অ্যাটাকে নেতৃত্ব দিবেন মঈন আলি।
অন্যদিকে অফ-ফর্মে থাকলেও অলরাউন্ডার শেন ওয়াটসনকে একাদশে রেখেছে অস্ট্রেলিয়া, ক্রিস রজার্সও রয়েছেন দলে। এছাড়া দলে জায়গা পেয়েছেন ৩৫ বছর বয়সী অ্যাডাম ভোজেস। দুই বিধ্বংসী বোলার মিচেল জনসন ও মিচেল স্টার্কের সঙ্গে রয়েছেন জস হ্যাজেলউড ও শেন ওয়াটসন। স্পিন-অ্যাটাকে নাথান লায়নের সঙ্গে হাত ঘোরাবেন মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ।
২০১৩ সালের ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে সফরকারী অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত করে অ্যালেস্টার কুকের ইংল্যান্ড। ফিরতি সিরিজে ইংল্যান্ডকে ডেকে এনে ৫-০ তে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।
তবে ২০০১ সালের পর ইংল্যান্ডকে তাদের মাটিতে অ্যাশেজ সিরিজে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ তিনবার ইংল্যান্ডে এসে সিরিজ হেরে গেছে অসিরা। তাছাড়া দুই দলের সর্বশেষ ৬ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া ২টি জয় পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড জিতেছে ৪টি সিরিজে।
ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক, অ্যাডাম লিথ, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক, অ্যাডাম ভোজেস, শেন ওয়াটসন, ব্রাড হাডিন, মিচেলল জনসন, মিচেল স্টার্ক, জন হ্যাজেলউড ও নাথান লিয়ন।

