নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষ করে আগামীকাল বুধবার রায় ঘোষণা করা হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।
এর আগে গত ১৬ মার্চ এ রিট আবেদনের শুনানি করে এ বিষয়ে রুল জারি করে আদালত। সে রুলের শুনানি শেষে আগামীকাল রায় ঘোষণা করা হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতোদিন টানা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতেন। তবে গত বছর তা সীমিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শুধু ওই বছরের উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা। অর্থাৎ, চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১২ মার্চ হাইকোর্টে আবেদন করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক ২৬ জন শিক্ষার্থীর অভিভাবক।

