বিনোদন ডেস্ক : জীবনমুখী গানের শিল্পী নচিকেতাকে সঙ্গে নিয়ে শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের ঈদের অডিও অ্যালবাম ‘আয় ভোর’। অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘আয় ভোর’ শিরোনামের গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন নচিকেতা ও মানিক। গানটির কথা এবং সুর মানিকের। সংগীতায়োজনে তানভীর তারেক। অডিও অ্যালবামের সঙ্গে প্রকাশিত হতে যাচ্ছে একটি দৃষ্টিনন্দন ভিডিও। ‘আয় ভোরে’র মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে অংশ নেন ভারতের বাংলা গানের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
‘আয় ভোর’ অ্যালবামে গান থাকছে মোট ১৩টি। নচিকেতার কথা ও সুরে ‘কলেজ লাইফ’ শিরোনামের একটি নষ্টালজিক গানও রয়েছে। অন্য গীতিকবিরা হলেন নাজমুল আশরাফ, সানাউল হক, এমএস রানা, রকিব হোসেন, সোহেল অটল, রেজাউর রহমান রিজভী, এন আই বুলবুল ও মাহবুবুর রহমান সজীব। সংগীতায়োজন করেছেন তানভীর তারেক, সজীব দাস,পারভেজ জুয়েল,যাদু রিছিল ও জিএস তুহিন।
‘আয় ভোর’ অ্যালবামটি বাজারে আনছে লেজারভিশন। এতে থাকছে ‘আলোকিত বিশ্ব’ শিরোনামের তারুণ্যদীপ্ত একটি গান। গানটিতে সম্মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ, আগুন, মানিক, পুলক ও লিজা।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘অবাক শহরে’ শিরোনামের একক অ্যালবামের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন আমিরুল মোমেনীন মানিক। অ্যালবামটির ‘ছায়ামানবী’, ‘রং বাজার’, ‘মিসকল’ ও ‘শিরায় শিরায়’ শিরোনামের মিউজিক ভিডিওটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এছাড়া, চলতি বছরের মা দিবসে ঈগল মিউজিক থেকে বের হয় তার একক অ্যালবাম ‘মা’।

