স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে ১-১ সমতায় রয়েছে পাকিস্তান-শ্রীলংকা। পাল্লেকেলে টেস্টে যে জিতবে, সিরিজ তাদেরই। তবে চতুর্থদিন লাঞ্চের পরই বলে দেওয়া যাচ্ছে, কে জিততে যাচ্ছে এই টেস্টে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩৭৬ রানের বিশাল চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে ছুড়ে দিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
জয়ের জন্য ৩৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। দলীয় রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমালের বলে বোল্ড হয়ে যান আহমেদ শেহজাদ। আজহার আলি হাল ধরার চেষ্টা করেন শান মাসুদের সঙ্গে। কিন্তু ১৪ বলে ৫ রান করেই ধামিকা প্রাসাদের বলে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আজহার। এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২ রান। জয়ের জন্য এখনও ৩৫৫ রান প্রয়োজন পাকিস্তানের। হাতে আছে আর ৮ উইকেট।
৫ উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শেখ করে শ্রীলংকা। ৭৭ রান নিয়ে উইকেটে ছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং ৩৯ রান নিয়ে দিনেশ চান্ডিমাল। চতুর্থ দিন সকালে এসে সেঞ্চুরি পুরণ করেন ম্যাথিউজ। ২২১ বল খেলে টেস্টে ৫ম সেঞ্চুরির দেখা পান লংকান অধিনায়ক। শেষ পর্যন্ত ২৫২ বলে ১২২ রান করে আউট হন তিনি।
তার আগেই টেস্ট ক্যারিয়ারে ৭ম হাফ সেঞ্চুরি পুরণ করেন দিনেশ চান্ডিমাল ১০৩ বলে ৬৭ রান করে আউট হন তিনি। মূলতঃ ৬ষ্ঠ উইকেট জুটিতে ম্যাথিউজ আর চান্ডিমালের ১১৭ রানের জুটিই শ্রীলংকাকে বড় সংগ্রহের পথ দেখায়। এ দু’জন ফিরে গেলে বাকিরা বেশিক্ষণ টিকতে পারেনি পাকিস্তানি বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৩১৩ রানেই অলআউট হয়ে যায় শ্রীলংকা।
পাকিস্তানি পেসার ইমরান খান ৫৮ রান দিয়ে দখল করেন ৫ উইকেট। এছাড়া রাহাত আলি ২টি এবং এহসান আদিল নেন ১টি উইকেট। স্পিনার ইয়াসির শাহ নেন ২ উইকেট।

