স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। শুরুতেই ওপেনার কৌশল সিলভাকে সাজঘরে ফিরিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন পেসার রাহাত আলী। যদিও এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিক শ্রীলংকা। কিন্তু স্পিনার ইয়াসির শাহর বোলিং নৈপূণ্যে লাঞ্চের পর ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
শুক্রবার টেস্টের প্রথম দিন রাহাত আলির করা পঞ্চম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কৌশল সিলভা (৯)। এরপর দ্বিতীয় উইকেটে দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা মিলে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন। এই দুজন ৯১ রানের জুটি গড়লে মজবুত ভিত পায় লংকানরা। তবে লাঞ্চের পর ইয়াসির শাহর তোপে পড়ে দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা।
দলীয় ১০৬ থেকে ১৩৭- এই ৩১ রানের মধ্যে থারাঙ্গা (৪৬), থিরিমান্নে (১১) ও অ্যাঞ্চেলো ম্যাথিউসকে (৩) হারিয়ে হোঁচট খায় স্বাগতিক শ্রীলংকা। তিনজনকেই ফেরান স্পিনার ইয়াসির শাহ। গোটা সিরিজে দুর্দান্ত বোলিং করা এই লেগ-স্পিনার প্রথম পাকিস্তানি বোলার হিসেবে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজে ২০ উইকেট লাভ করেন।
১৩৭ রানে চতুর্থ উইকেট হারানোর পর অবশ্য পঞ্চম উইকেটে জিহান মোবারককে নিয়ে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন ওপেনার দিমুথ করুনারত্নে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ১৮০ রান। করুনারত্নে ৮৮ ও মোবারক ১৮ রান নিয়ে ব্যাট করছেন।
প্রসঙ্গত, তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-১ এ সমতা রয়েছে। ফলে তৃতীয় ও শেষ টেস্টটি কার্যত ফাইনালে রূপ নিয়েছে।

