স্পোর্টস ডেস্ক : সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটার এক রিয়েল এস্টেট টাইকুনের কাছ থেকে উৎকোচ নিয়েছিলেন বলে আইসিসির কাছে দেয়া এক মেইলে জানিয়েছিলেন সাবেক আইপিএল কমিশনার ললিত মোদী। যে ই-মেইলটি সম্প্রতি টুইটারে ফাঁস হয়ে গিয়েছিল। এরকম গুরুতর অভিযোগ উঠার পরও তিন ক্রিকেটারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে রায়না-জাদেজা বাদ পড়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। তাহলে কী ললিত মোদীর সেই ই-মেইল ফাঁসের ঘটনার কারণেই কী বিসিসিআই জিম্বাবুয়ে সফরে না রেখে তাদের আগলানোর চেষ্টা করছে? বাইরে ছুটি কাটাতে যাওয়া রায়না এবার বসে থাকতে পারলেন না। জানিয়ে দিলেন, ললিত মোদীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন তিনি।
রায়নার ভাষ্য, তিনি কোনও দিন অন্যায় কোন কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাকে ঘিরে গণমাধ্যমে রিপোর্ট দেখার পর সারাবিশ্বের ভক্ত-সমর্থকদের বলতে চাই, সবসময় আমি ক্রিকেটের সঠিক স্পিরিট মেনে খেলেছি। সততার সঙ্গে খেলেছি।’
এরপর রায়না যোগ করেন, ‘কখনও আমি কোন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকিনি। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সবই মিথ্যা। ক্রিকেট আমার প্যাশন। যখন যে দলের হয়ে খেলেছি, ওই প্যাশন নিয়ে নেমেছি। এ ব্যাপারে কী কী আইনি পদক্ষেপ নিতে পারি, সেটাই এখন খতিয়ে দেখছি।’

